৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই গাড়িতে গুলিবিদ্ধ মৃতদেহ রুশ মন্ত্রীর

রুশ প্রেসিডেন্ট পুতিন এক ডিক্রির মাধ্যমে পরিবহনমন্ত্রী স্তারোভোইতকে বরখাস্ত করার পর মস্কোর শহরতলিতে নিজ গাড়িতেই তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই গাড়িতে গুলিবিদ্ধ মৃতদেহ রুশ মন্ত্রীর
রোমান স্তারোভোইত। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 11:32 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনওরকম কারণ না দর্শিয়েই বরখাস্ত করেছিলেন তাকে। এর কয়েক ঘণ্টা পরই মস্কোর শহরতলিতে নিজের গাড়ির মধ্যেই গুলিবিদ্ধ লাশ মিলেছে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের।

সোমবার একথা জানিয়েছেন রুশ তদন্তকারীরা। তারা বলন, স্তারোভোইত আত্মহত্যা করেছেন বলেই মূলত ধারণা করা হচ্ছে। পুতিন এদিন সকালেই এক ডিক্রির মাধ্যমে স্তারোভোইতকে বরখাস্ত করে উপ-পরিবহনমন্ত্রীকে তার জায়গায় নিয়োগ করেছিলেন। 

২০২৪ সালের মে মাসে পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্তারোভোইত। অর্থাৎ, বছর খানেক এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাঁচ বছর তিনি ছিলেন রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের গভর্নর।

পরিবহনমন্ত্রী পদ থেকে তাকে বরখাস্তের কোনও কারণ জানানো না হলেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, স্তারোভোইতের বিরুদ্ধে কুর্স্ক অঞ্চলে দুর্নীতির তদন্তের সঙ্গে তাকে বরখাস্ত করার যোগ থাকতে পারে।

রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। তবে পরিবহন খাতের এক সূত্র জানিয়েছে, কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার সীমান্ত এলাকায় দূর্গ নির্মাণের জন্য বরাদ্দ হওয়া তহবিল আত্মস্যাতের ঘটনায় মাসখানেক ধরেই স্তারোভোইতের পদ নিয়ে প্রশ্ন উঠছিল।

অর্থ আত্মস্যাতের অভিযোগে কুর্স্কে স্তারোভোইতের উত্তরসূরি অ্যালেক্সি স্মিরনভকে গত এপ্রিলে গ্রেপ্তার করা হয়। একই মামলায় স্তারোভোইতকেও আসামি হিসাবে হাজির করার কথা ছিল বলে জানিয়েছে রাশিয়ার ‘কমারসান্ত’ পত্রিকা।

স্তারোভোইত ঠিক কখন মারা গেছেন তা স্পষ্ট নয়। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা-র প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলোভ রাশিয়ার সংবাদমাধ্যম আরটিভিআই-কে বলেছেন, স্তারোভোইতের মৃত্যু হয়েছে “বেশ কিছুক্ষণ আগে।”

রাশিয়ার তদন্ত কমিটি বলছে, ঠিক কী ঘটেছে তা তারা খতিয়ে দেখছে।  রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, স্তারোভোইতের দেহের পাশে একটি পিস্তলও পাওয়া গেছে, যেটি তার নিজের।

সোমবার সাংবাদিকরা প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করেন, স্তারোভোইতের পদচ্যুতি কি তার ওপর প্রেসিডেন্টের আস্থাহীনতার ইঙ্গিত? জবাবে পেসকভ বলেন, “যদি আস্থাহীনতার বিষয় থাকে, তাহলে ডিক্রিতে তা উল্লেখ থাকে। এখানে তেমন কিছু বলা হয়নি।”