Published : 02 Sep 2026, 06:48 PM
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) একটি দলীয় ছবি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কয়েকজন বিশ্বনেতাকে বাদ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কেন্দ্রে রেখে তার দপ্তর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, মঙ্গলবার শরিফের দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবিটিতে প্রকাশ করা হয়। এতে অন্য কয়েকজন বিশ্বনেতাকে এমনভাবে কেটে বাদ দেওয়া হয়েছে, যাতে মনে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ফ্রেমের একদম কেন্দ্রে অবস্থান করছেন।
এদিন কিরগিজস্তানের বিশকেক শহরে অনুষ্ঠিত এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনের এক অধিবেশন শুরুর আগে মূল ছবিটি তোলা হয়েছিল।
বিশকেকে আয়োজিত এসসিওর এই শীর্ষ সম্মেলনে ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ এবং ২টি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ১২টি দেশের নেতারা মূল ছবিতে ছিলেন।
কিন্তু পাকিস্তানের প্রধামন্ত্রীর দপ্তরের শেয়ার করা ওই ছবিতে শাহবাজের সঙ্গে কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ এবং কিরগিজ কর্নেল উলারবেক জারলিকোভিচ শারশেভকে দেখা যায়। এ ছবিতে একপাশ থেকে পাঁচজন নেতাকে কেটে বাদ দেওয়া হয়। এতে বাকি সাতজনের মধ্যে শাহবাজকে কেন্দ্রে দেখা যায়।
পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে মূল ছবিটি প্রকাশ করলে বিষয়টি ধরা পড়ে।
মূল ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ আসলে ডান দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছেন। ছবির মূল ফ্রেম কেটে তাকে কেন্দ্রে দেখাতে গিয়ে বাম দিক থেকে মোদী ছাড়াও আরও চারজন বিশ্বনেতাকে ছেঁটে ফেলা হয়েছে। যাদের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও আছেন।
বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে প্রভাব ফেলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আবহে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সহযোগিতা বাড়াতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে এসসিও জোটের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান জোটটির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। পরবর্তীতে ২০২৩ সালে ইরান এবং ২০২৪ সালে বেলারুশ এই জোটে অন্তর্ভুক্ত হয়।