Published : 01 Mar 2026, 01:51 PM
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর তেহরানের পাল্টা হামলায় তেল আবিবে এক নারীর নিহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েল।
শনিবার রাতে ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রগুলোর একটি তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ডজনের বেশি লোক আহতও হয়েছে বলে জানিয়েছে তারা।
কর্তৃপক্ষ বলছে, তেল আবিবের ওই ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ৪০ এর ঘরে বয়সের ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবন ও এর আশপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আহত নারীকে হাসপাতালে নেওয়ার পথেই স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই হামলায় আরও ২৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর, বাকিরা সামান্য আহত হয়েছেন, বলছে টাইমস অব ইসরায়েল। আহতদেরকে তিনটি আলাদা হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে ৭টি শিশুও আছে বলে স্থানীয় চ্যানেল ১২ জানিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী ইরানে একের পর এক সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে।
ওই হামলার পাল্টায় ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, তারা শনিবার রাতভরই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, কেবল অভিযানের প্রথম ১২ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র ইরানজুড়ে ৯০০-র বেশি হামলা চালিয়েছে।
একই সময়ে ইরানও ৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার বেশিরভাগ ইসরায়েলকে লক্ষ্য করে মারা হলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও সৌদি আরবও বিস্ফোরণে কেঁপেছে, বলেছেন ওই কর্মকর্তা