২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট, সাহায্য লাভ-সম্পর্ক মেরামতই লক্ষ্য

মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসে ‘ভারত বিরোধী’ পথে হাঁটা প্রেসিডেন্ট মুইজ্জুর এ সফর কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 11:14 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

পাঁচ দিনের ভারত সফর শুরু করেছেন মলদ্বীপের প্রেসি়ডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রোববার বিকালে তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছান। মুইজ্জুর সঙ্গে সফর করছেন তার স্ত্রী সাজিদা মোহাম্মদও।

এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মুইজ্জুর। মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসে ‘ভারত বিরোধী’ পথে হাঁটা মুইজ্জুর এ সফর কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অর্থনৈতিক সংকটে থাকা মালদ্বীপের জন্য মুইজ্জু এ সফরে ভারতের কাছ থেকে কয়েক লাখ ডলারের অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজ (বেইলআউট) সহায়তা চাইবেন বলে মনে করা হচ্ছে। বিবিসি-কে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন, ভারত মালদ্বীপকে সহায়তা করবে বলে তার আস্থা আছে।

মালদ্বীপ ঋণখেলাপি হওয়ার শঙ্কায় আছে। সেপ্টেম্বর মাসে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় প্রায় ৪৪ কোটি মার্কিন ডলারে। এ অর্থ দিয়ে দেশটির মাত্র দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব।

ভারত সফরের আগে দিয়ে বিবিসি-কে ইমেইলে এক সাক্ষাৎকারে মুইজ্জু বলেছিলেন, “ভারত আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত। আমাদের উন্নয়নকাজের সবচেয়ে বড় এক অংশীদার হিসাবে তারা আমাদের বোঝা লাঘবে সবসময়ই প্রস্তুত থাকবে। আমরা যে চ্যালেঞ্জের মুখে আছি তার ভাল বিকল্প পথ এবং সমাধান খুঁজে পাবে।”

মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন গত বছরের শেষদিকে। নির্বাচনি প্রচারে জনগণের কাছে মুইজ্জুর মূল অঙ্গীকার ছিল- ‘ভারত হটাও’ নীতি। মূলত মালদ্বীপের ওপর ভারতের প্রভাব কমানোই ছিল তার লক্ষ্য।

সেকারণে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। মুইজ্জু চিনপন্থি হিসাবে পরিচিত। ক্ষমতায় আসার পর চিন সফরেও গিয়েছিলেন তিনি। তার সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক ‘বিতর্ক’ তৈরি হয়েছিল। যার প্রভাব পড়েছিল ভারতের সঙ্গে সম্পর্কে।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মুইজ্জুর মন্ত্রীরা অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মলদ্বীপ বয়কট’-এর ডাক ওঠে।

 অভিনয় জগতের বহু ব্যক্তিত্বও সমর্থন দিয়েছিলেন তাতে। ওই সময়ে মলদ্বীপের শয়ে শয়ে টিকিট বাতিল করে ভারতের পর্যটকরা। মলদ্বীপের অর্থনীতির অন্যতম ভিত পর্যটন। ভারতীয় পর্যটকেরা মুখ ফেরাতে শুরু করায় বেশ সমস্যায় পড়েছিল মালদ্বীপ। মাঝে মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিল মুইজ্জু সরকার।

আর এখন মুইজ্জুর ভারত সফর এই ইঙ্গিতই দিচ্ছে যে, মালদ্বীপ তার বড় এই প্রতিবেশী দেশটিকে উপেক্ষা করে চলতে পারেনা। তাই এবার সম্পর্ক মসৃণ করতে সচেষ্ট হয়েছে মলদ্বীপ। দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে পরস্পরের স্বার্থ জড়িত— এমন একাধিক বিষয়ে মোদী এবং মুর্মুর সঙ্গে আলোচনা হতে পারে মুইজ্জুর। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে মালদ্বীপ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। প্রধানমন্ত্রী যে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গুরুত্ব দেন, সে কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।