২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র কি নিজের সঙ্গেই আলোচনা করছে? কটাক্ষ ইরানি সামরিক বাহিনীর

“তোমাদের অভ্যন্তরীণ সংঘাত কী এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা এখন নিজেদের সঙ্গেই আলোচনা করছো?” বলেছেন ইরানি সশস্ত্র বাহিনীর ঐক্যবদ্ধ কমান্ড খাতাম-উল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি।

যুক্তরাষ্ট্র কি নিজের সঙ্গেই আলোচনা করছে? কটাক্ষ ইরানি সামরিক বাহিনীর
তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 02:43 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলে হোয়াইট হাউস যখন জোর গলায় দাবি করছে তখন ইরানের সামরিক বাহিনী কটাক্ষ করে যুক্তরাষ্ট্র কী নিজের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। 

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র কড়া ভাষায় মার্কিন নেতৃত্বকে বিদ্রুপ করে বলেছেন, ‘তোমাদের প্রতিশ্রুতির যুগ শেষ’।  

“তোমাদের অভ্যন্তরীণ সংঘাত কী এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা এখন নিজেদের সঙ্গেই আলোচনা করছো?” ইরানি সশস্ত্র বাহিনীর ঐক্যবদ্ধ কমান্ড খাতাম-উল-আনবিয়ার ‍মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এ কথা বলেছেন বলে জানিয়েছে সিএনএন। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি ‘দৃশ্যমান’—এমন আশাবাদ ব্যক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘এখনই আলোচনা চালাচ্ছেন’ বলে জানিয়েছিলেন।  

তবে তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় তারা যায়নি। কেবল কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে।

“কৌশলগত যে শক্তি নিয়ে একসময় তোমরা গর্ব করতে, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে,” বলেছেন জুলফাকারি। 

যুক্তরাষ্ট্রের নেতারা তাদের মনোজগত থেকে ইরানে হামলার ভাবনা ‘পুরোপুরি মুছে না ফেলা’ পর্যন্ত জ্বালানি ও তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী জায়গায় যাবে না বলেও সতর্ক করেন ইরানি সামরিক বাহিনীর এ মুখপাত্র। 

তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের দাবির প্রেক্ষিতে তেলের দাম খানিকটা কমতে দেখা গেলেও তা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগের দামের চেয়ে এখনও অনেক বেশি। 

সোমবার ট্রাম্প জানান, পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা বাদ দেওয়াসহ শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ১৫টি শর্ত তেহরানকে পৌঁছে দেওয়া হয়েছে। 

মার্কিন এসব দাবি ইরান খতিয়ে দেখছে বলে একটি সূত্র সিএনএনকে মঙ্গলবার জানায়। এদিকে পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক আয়োজনে প্রবল আগ্রহ দেখিয়েছে। 

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দক্ষিণ এশীয় দেশটি সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের ‘গুডবুকে’ থাকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বৈঠক আয়োজনের উদ্যোগ ‘শেষ পর্যায়ে’ থাকলেও বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে খোদ আয়োজকরাই সন্দিহান, বলেছে পাকিস্তানের একটি সূত্র।

ইরানের সঙ্গে ‘আলোচনায় অগ্রগতির’ দাবি ট্রাম্পের, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের ১৫ দফা

যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, 'শুনতে আগ্রহী' ইরান