১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে ইমরান খানঘনিষ্ঠদের ‘হামলার নিশানা বানানো’ তিন ব্রিটিশ অভিযুক্ত

আদালত এ তিনজনকে রিমান্ডে পাঠিয়ে ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ওল্ড বেইলি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে।

যুক্তরাজ্যে ইমরান খানঘনিষ্ঠদের ‘হামলার নিশানা বানানো’ তিন ব্রিটিশ অভিযুক্ত
লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতের সামনে ঝুলছে ব্রিটিশ পতাকা। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 09:45 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

পাকিস্তানের সরকারবিরোধী দুই ব্যক্তির ওপর ব্রিটেনে হামলার ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগে তিন ব্রিটিশ নাগরিককে রিমান্ডে পাঠিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।

শনিবারই এ তিন অভিযুক্তকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের ২৪ ডিসেম্বর ক্রিসমাসের প্রাক্কালে এ তিনজন প্রায় একই সময়ে শেহজাদ আকবর ও আদিল রাজার ওপর হামলার লক্ষ্যে তাদের ঘরে গিয়েছিলেন বলে শনিবার আদালতকে জানান কৌঁসুলি ওয়ারেন স্টানিয়ের।

পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা আকবর সেদিন মধ্য ইংল্যান্ডের ক্যামব্রিজে নিজের বাড়িতেই ছিলেন। মুখোশ পরিহিত এক ব্যক্তি নাম ধরে ডাক দেওয়ার পর তিনি দরজা খোলেন, এরপর তার মুখে একাধিক আঘাত করা হয়।

প্রায় একই সময়ে লন্ডনের উত্তরপশ্চিমের চেশামে আদিল রাজার বাড়ির বাইরে দুই ব্যক্তি তার নাম ধরে ডাকে এবং বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়। সেসময় রাজা বাড়িতে ছিলেন না। 

ইমরান খানের প্রতি অনলাইনে সমর্থন দেখানোয় সন্ত্রাসবাদ সংক্রান্ত এক মামলায় সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা থেকে ইউটিউবার হওয়া রাজার অনুপস্থিতিতেই জানুয়ারিতে পাকিস্তানের আদালত তাকে কারাদণ্ড দিয়েছে। 

এর এক সপ্তাহ পর দুই ব্যক্তি আকবরের বাড়ির জানালা ভেঙে ভেতরে একটি জ্বলন্ত কাপড়ের ‍টুকরো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও কৌঁসুলিদের ধারণা। তবে ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুই ব্যক্তির মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও সন্দেহ করা হচ্ছে। 

‘উদ্দেশ্যমূলক হামলার ধরনের কারণে’ সন্ত্রাসবাদবিরোধী কার্যালয় এই ঘটনার তদন্ত করেছে, জানিয়েছে পুলিশ। 

অভিযুক্ত তিনজনের মধ্যে ৪০ বছর বয়সী কার্ল ব্ল্যাকবার্ডের বিরুদ্ধে দুটি ও ৩৯ বছর বয়সী ক্রিস ম্যাকঅলের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। ২১ বছর বয়সী ডোনেটো ব্রামারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা ও অগ্নিসংযোগের ষড়যন্ত্রের অভিযোগ দেওয়া হয়েছে। 

আদালত এ তিনজনকে রিমান্ডে পাঠিয়ে ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ওল্ড বেইলি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে।

তদন্ত কর্মকর্তারা এসব ঘটনায় জড়িতসন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিলেন। তবে তাদের হয় ছেড়ে দেওয়া হয়েছে, বা এখন পর্যন্ত কোনো অভিযোগ আনা হয়নি।