Published : 01 Apr 2026, 04:15 PM
ওয়াশিংটন পাঁচ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের ‘শেষ সীমা’ দেখতে পাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন।
তিনি আরও জানান, এই যুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্রকে নেটোর সঙ্গে মিত্রতা পুনঃপরীক্ষা করে দেখতে হবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলের একটি টক শোতে তিনি বলেন, “আমরা ফিনিশ লাইন দেখতে পাচ্ছি। এটি আজ না, কাল না, কিন্তু আসছে।”
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি থাকা পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।
ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলা ও লেবাননে ইসরায়েলি হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম বেড়ে বিশ্ব বাজারকে অস্থির করে তুলছে।
রুবিও জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে আর ‘কোনো এক সময়’ দুই পক্ষের মধ্যে ‘সরাসরি বৈঠক’ হওয়ার সম্ভাবনা আছে।
“বার্তা আদান-প্রদান হচ্ছে, কথাবার্তাও হচ্ছে। কোনো এক সময় সরাসরি বৈঠকের সম্ভাবনাও আছে,” বলেছেন তিনি; জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে তার সামরিক হামলা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করতে পারে।
রুবিও বলেন, “কোনো দেশ বা সরকার আমাদের মিশনে বাধা সৃষ্টি করার মতো কোনো সাহায্য এখন ইরানকে করছে না।“
তিনি আরও বলেন, ইরান যুদ্ধের পর ওয়াশিংটন নেটোর সঙ্গে তার সম্পর্ক পুনঃপরীক্ষা করে দেখবে।
“শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে এই সিদ্ধান্তটি নিতেই হবে, তাকে এটি নিতেই হবে,” বলেন তিনি।
“কিন্তু আমি মনে করি, দুর্ভাগ্যবশত, এই জোট (নেটো) যেটি এক সময় এই দেশের সেবা করেছে সেটি এখনও সেটি করছে কি না, তা পুনঃপরীক্ষা করবো আমরা। নাকি এটি এখন একটি একমুখি সড়ক হয়ে গেছে, যেখানে আমেরিকা শুধু ইউরোপকে রক্ষা করার অবস্থানে আছে, কিন্তু যখন আমাদের মিত্রদের সাহায্য প্রয়োজন, তখন তারা আমাদের ঘাঁটি স্থাপনের অধিকার অস্বীকার করবে, তারা আমাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না,” ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়গুলো উল্লেখ করে এসব বলেন তিনি।
ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আক্রমণে যোগ দেওয়ার মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা।
আরও পড়ুন:
চুক্তি না হলেও ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প