১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

স্থানীয় শান্তি কমিটির এক সদস্যের বাড়িতে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই বাড়িতে তখন একটি বিয়ের উৎসব চলছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনের দাঁড়িয়েছে, জানিয়েছে পুলিশ। 

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির এক সদস্যের বাড়িতে শুক্রবার বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই বাড়িতে তখন একটি বিয়ের উৎসব চলছিল। বিস্ফোরণে ওই বাড়ির ভবনটি ভেঙে পড়ে।

ওই অঞ্চলে জঙ্গিদের রুখতে ইসলামাবাদের প্রচেষ্টার অংশ হিসেবে শান্তি কমিটি গড়ে তোলা হয়েছে। এই কমিটি স্থানীয় মুরুব্বি ও অন্যদের নিয়ে তৈরি হয়েছে।   

আদনান জানান, এ ঘটনায় শুক্রবারই তিনজন মারা যান। পরে আহত প্রায় ১২ জনের মধ্যে চারজন হাসপাতালে মারা যান।  

রয়টার্স জানিয়েছে, কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছে।   

বেশ কয়েকটি সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে পাকিস্তান তালেবান গড়ে উঠেছে। তারা আফগান সীমান্তের উভয়পাশে সক্রিয়। এই গোষ্ঠীটি ১৯৯৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। 

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার এই জঙ্গি গোষ্ঠীটিকে তাদের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর অনুমোদন দিচ্ছে। এই গোষ্ঠীটি আফগানিস্তানে বসে পরিকল্পনা করে পাকিস্তানে ঢুকে তা বাস্তবায়ন করছে। 

কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এই জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।