১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার শিশুদের নিয়েও কথা বলুন, মেলানিয়াকে চিঠিতে তুর্কি ফার্স্ট লেডি

“যে তাৎপর্যপূর্ণ সংবেদনশীলতা আপনি ৬৪৮ ইউক্রেইনীয় শিশুর জন্য দেখিয়েছেন, তা গাজার ক্ষেত্রেও বিস্তৃত হবে বলে আমার বিশ্বাস,” মার্কিন ফার্স্ট লেডির উদ্দেশ্য লিখেছেন এমিনে এরদোয়ান।

গাজার শিশুদের নিয়েও কথা বলুন, মেলানিয়াকে চিঠিতে তুর্কি ফার্স্ট লেডি
প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের পাশে তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 11:54 AM

Updated : 26 Aug 2026, 02:10 PM

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে গাজার শিশুদের দুর্দশার বিষয়টি তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন। 

শনিবার আঙ্কারার কর্তৃপক্ষ এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিঠিতে এমিনে এরদোয়ান জানান, চলতি মাসের শুরুর দিকে ইউক্রেইন ও রাশিয়ার শিশুদের নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা মেলানিয়ার চিঠি তাকে অনুপ্রাণিত করেছে। 

“যে তাৎপর্যপূর্ণ সংবেদনশীলতা আপনি ৬৪৮ ইউক্রেইনীয় শিশুর জন্য দেখিয়েছেন, তা গাজার ক্ষেত্রেও বিস্তৃত হবে বলে আমার বিশ্বাস,” শুক্রবারের তারিখ দেওয়া চিঠিতে লিখেছেন তুর্কি ফার্স্ট লেডি।

মার্কিন ফার্স্ট লেডিকে লেখা এমিনে এরদোয়ানের এ চিঠিটি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়।

এ প্রসঙ্গে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। 

“আজকের দিনে, বিশ্ব যখন সম্মিলিত এক জাগরণের সাক্ষী হচ্ছে, যখন ফিলিস্তিনের স্বীকৃতিপ্রাপ্তি বৈশ্বিক আকাঙ্ক্ষায় পরিণত হচ্ছে, তখন গাজার পক্ষে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের প্রতি এক ঐতিহাসিক দায়িত্ব পূরণ করবে বলেই আমার বিশ্বাস,” চিঠিতে মেলানিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন এমিনে। 

এমন এক সময়ে তার এ চিঠি আলোচনায় এল যখন অনাহার পর্যবেক্ষণকারী বৈশ্বিক একটি সংস্থা গাজা সিটি এবং তার আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ চলছে জানিয়ে এটি দ্রুত ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

শুক্রবার ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) এ সংক্রান্ত প্রতিবেদন গাজায় আরও ত্রাণ ঢোকার সুযোগ দিতে ইসরায়েলের ওপর চাপও বাড়িয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রতিবেদনকে ‘সর্বৈব মিথ্যা’ বলে খারিজ করে দিয়েছেন এবং বলেছেন, তেল আবিবের নীতি হল- অনাহার ঠেকানো, সৃষ্টি করা নয়।

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত গত কয়েক বছরে প্রায়ই দেখা গেছে। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এটি তীব্র আকার ধারণ করে। সেদিন দক্ষিণ ইসরায়েলে হানা দিয়ে হামাস এক হাজার ২০০ জনকে হত্যা ও প্রায় আড়াইশ জনকে জিম্মি করে বলে ভাষ্য তেল আবিবের।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে যে সর্বাত্মক যুদ্ধে নামে তা এখনও শেষ হয়নি। এ পর্যন্ত তাদের হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।