১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়-বৃষ্টিতে মৃত ৩, বিপর্যস্ত বড়দিন

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়-বৃষ্টিতে মৃত ৩, বিপর্যস্ত বড়দিন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 11:21 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বড় অংশজুড়ে প্রবল ঝড় ও ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বড়দিনের রাত পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেসের কিছু এলাকায় ২৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং অনেক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানি বাড়তে থাকায় যানবাহনে আটকে পড়া অনেক মানুষকে উদ্ধারে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। 

বিবিসি জানিয়েছে, বুধবার লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউজওম।

এদিকে পাওয়ার আউটেজ ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।  

যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অনেক এলাকায় আকস্মিক বন্যা এবং নদীগুলোর পানি উপচে পড়ার ঝুঁকি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার সকালে সান ডিয়েগোতে গাছ পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া রেডিং শহরে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার চেষ্টার সময় ৭৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, মেন্ডোসিনো কাউন্টির একটি পার্কে ঢেউয়ের ধাক্কায় সমুদ্রের পানিতে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে বলে শেরিফ অফিস নিশ্চিত করেছে।

বড়দিনের ছুটির এই ব্যস্ত সময়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, “আমি অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে অনুরোধ করছি। এই ঝড়কে হালকাভাবে নেবেন না।”

আবহাওয়াবিদদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ক্রান্তীয় অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের প্রভাবে বছরের অন্যতম ব্যস্ত এই উৎসবমুখর সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।