Published : 19 Jul 2026, 10:51 AM
জর্ডানে ইরানি হামলায় দুই সেনা নিহত ও আরেকজন নিখোঁজ হওয়ার পর ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের স্থানীয় সময় রোববার রাত ১টা ৩০ মিনিট থেকে বিমান হামলা শুরু হয়।
বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, “হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি ইরানের হুমকির সক্ষমতা আরও হ্রাস করতে আর গত রাতে জর্ডানে আমেরিকান সেনাদের বিরুদ্ধে হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে দ্রুত শাস্তি দিতে এই আক্রমণগুলোর পরিকল্পনা করা হয়েছে।”
তারা আরও জানায়, “সর্বশেষ অভিযানে ইরানের সামরিক বাহিনীর উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনাগুলোতে, সামুদ্রিক সক্ষমতাগুলোতে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারগুলোতে সফলভাবে আঘাত হানা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বাহিনীগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছে।”
পরে আরেক বিবৃতিতে সেন্টকম জানায়, কমান্ডার-ইন-চিফের নির্দেশনায় ইরানের বিরুদ্ধে টানা অষ্টম রাতের সামরিক অভিযান শেষ হয়েছে।
ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকের কাছে একটি হামলা হয়েছে, কিন্তু তাতে কোনো হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর হয়নি।
আল জাজিরা আরেক ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের কেশম দ্বীপে আরও এক দফা হামলা চালিয়েছে। দ্বীপটিতে অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোথায় আঘাত হানা হয়েছে তা খুঁজে দেখতে ও সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে জরুরি, নিরাপত্তা ও উদ্ধার অভিযান চালাতে সক্ষম দলগুলোকে মোতায়েন করা হয়েছে।
হরমোজগান প্রদেশের গভর্নর কেশম দ্বীপে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালির নিকটে অবস্থিত কেশম ইরানের বৃহত্তম দ্বীপ।
বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমোজগান শহরের হাজিয়াবাদ ও সিরিকের মতো আরও কয়েকটি শহরে হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তাসনিম আরও জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের শাদেগান শহরের নিকটবর্তী একটি এলাকায়ও হামলা চালিয়েছে।
খুজেস্তানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর জানিয়েছেন, জরুরি বিভাগের দলগুলো ঘটনাস্থলে আছে। তারা পরিস্থিতি ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পরে তার বিস্তারিত জানাবে।
এই হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ‘সংঘাত তীব্র করার চেষ্টার’ জন্য ওয়াশিংটনকে মূল্য দিতে হবে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু গত সপ্তাহে তা ভেঙে পড়ে। তারপর থেকে দুপক্ষই হামলা, পাল্টা হামলার তীব্রতা বাড়িয়ে চলছে আর তাতে তারা আবার পূর্ণ যুদ্ধে ফিরে যেতে পারে এমন সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: