সাউথপোর্টে ছুরি হামলা: ভুয়া তথ্য ছড়ানোর সন্দেহে পাকিস্তানে একজন গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফারহান আসিফ বলে জানিয়েছে পুলিশ। একটি ওয়েবসাইটে তিনি সাউথপোর্টে ছুরি হামলাকারী কিশোরের ভুয়া নাম দিয়ে বলেছিলেন, সে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী।
ইংল্যান্ডের সাউথপোর্টে এক নৃত্যকর্মশালায় ছুরি হামলায় তিন শিশুর মৃত্যুর পর হামলাকারীর পরিচয় সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করেছিল বিক্ষোভ। ওই ঘটনায় সাইবার সন্ত্রাসের সন্দেহে পাকিস্তান কর্তৃপক্ষ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তার নাম ফারহান আসিফ বলে জানিয়েছে পুলিশ। বিবিসি-কে লাহোরের পুলিশ জানায়, ফারহান আসিফ একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার।
একটি ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে আসিফ সাউথপোর্টে ছুরি হামলাকারীর ভুয়া নাম দিয়েছিলেন এবং বলেছিলেন, আক্রমণকারী কিশোর যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী। ছোট নৌকায় করে সে যুক্তরাজ্যে পৌঁছেছে।
হামলার কয়েক ঘণ্টা পরই এই ভুয়া তথ্য সম্বলিত নিবন্ধ ওয়েবসাইট চ্যানেলথ্রিনাও এ প্রকাশ হয় এবং স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
পুলিশ সাউথপোর্টে ছুরি হামলার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা ও খুনের চেষ্টার সন্দেহভাজন হিসেবে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে গ্রেপ্তার করেছিল। তার কাছ থেকে একটি ছুরিও জব্দ হয়।
এরপর হামলাকারী কিশোরকে নিয়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া তথ্যকে কেন্দ্র করে সাউথপোর্টের শোকের আবহ রূপ নেয় ক্ষোভে, যার আগুন ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যজুড়ে একাধিক স্থানে। ফলে সেখানে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়।
মঙ্গলবার লাহোরের পুলিশ জানিয়েছে, তারা আসিফকে ওয়েবসাইটের ওই নিবন্ধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
এই জিজ্ঞাসাবাদে আসিফ বলেছেন, তিনি যুক্তরাজ্যের একটি স্যোশাল মিডিয়া একাউন্ট থেকে কপি করে নেওয়া তথ্যের ভিত্তিতে নিবন্ধটি লিখেছিলেন। ওয়েবসাইটটি আসিফ একাই চালান বলেও জানিয়েছেন।
পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা তখন থেকেই বিষয়টি হাতে নিয়েছে এবং এতে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।
পুলিশ লাহোরে আসিফের বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। যুক্তরাজ্য আসিফকে সেদেশে হস্তান্তর চেয়েছে কিনা সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।
