১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রিপাবলিকানরা নির্বাচনে জয়ী হলে প্রত্যেক নাগরিক ৫ হাজার করে ডলার পাবে: ট্রাম্প

এ পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে বা প্রয়োজনীয় অর্থের যোগান কোথা থেকে আসবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

রিপাবলিকানরা নির্বাচনে জয়ী হলে প্রত্যেক নাগরিক ৫ হাজার করে ডলার পাবে: ট্রাম্প
টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল মিডটার্ম কনভেনশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 04:50 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে জয় পেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে পাঁচ হাজার ডলার করে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেবেন তিনি।

বুধবার টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত রিপাবালিকান পার্টির সর্বপ্রথম মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের প্রথম দিনের ভাষণে ট্রাম্প এ পরিকল্পনা ঘোষণা করেন।  

বিবিসি লিখেছে, এই ‘বিতর্কিত’ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে এক লাখ কোটি ডলারেরও বেশি অর্থ প্রয়োজন হবে। তবে এ পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে বা প্রয়োজনীয় অর্থের যোগান কোথা থেকে আসবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। শুধু বলেছেন, এ অর্থ যুক্তরাষ্ট্রের ভেতরেই খরচ করতে হবে।

ডেমোক্র্যাটরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এই প্রস্তাবকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে আখ্যায়িত করে। এই ধরনের প্রতিশ্রুতি বৈধ কি না, সে প্রশ্নও তুলেছেন তারা।   

যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক আছে। এদের প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দিলে মার্কিন সরকারকে প্রায় এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হবে।

ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষভাবে যখন, অন্তত আংশিকভাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে দেশটিতে সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ শেষ করার জন্য নিজ দলেরই চাপে আছেন ট্রাম্প।  

টেক্সাসে মার্কিন প্রেসিডেন্ট তার সমর্থকদের সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ শেষ হবে না আর তার আগে তেলের দামও কমবে না।  

বিবিসি জানিয়েছে, টেক্সাসে বক্তৃতা দেওয়ার আগেই তিনি এসব মন্তব্য করেছিলেন, পরে সম্মেলনে সেগুলো আবার উল্লেখ করেন। তিনি দাবি করেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার জন্য স্বল্পমেয়াদী অর্থনৈতিক কষ্ট স্বীকার করাটা যৌক্তিক হবে। 

রয়টার্স লিখেছে, তার জনপ্রিয়তা হ্রাস পাওয়ার বিষয়টি রিপাবলিকানদের জয়ের সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রায় দুই ঘণ্টা স্থায়ী এক ভাষণে ওই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়ে নিজেকে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলেন।   

তিনি বলেছেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করছি এমনটি ধরে নিতে যে, ব্যালটে আমিও আছি।” 

ভাষণের শেষ দিকে তিনি বলেন, “রিপাবলিকানরা যদি মার্কিন প্রতিনিধি পরিষদ ও সেনেটে জয়ী হয়, তাহলে আমি যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার লভ্যাংশ দেবো। তবে এই অর্থ খরচ করতে আপনারা কানাডা, চীন বা জার্মানিতে যান তা চাই না আমরা। আপনাদের এই অর্থ যুক্তরাষ্ট্রেই খরচ করতে হবে।” 

অর্থ পাওয়ার পর নাগরিকরা তা কোথায় খরচ করল, এটি কিভাবে পর্যবেক্ষণ করা হবে সেটি পরিষ্কার হয়নি। অবশ্য এর আগেও ট্রাম্প মার্কিন নাগরিকদের এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।