১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শতাধিক সন্তানের’ মাঝে সম্পদ ভাগ করে দেবেন টেলিগ্রামপ্রধান দুরভ

“তারা সবাই আমার সন্তান, সবারই সমান অধিকার রয়েছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তাদের মধ্যে এ নিয়ে কাড়াকাড়ি লাগুক,” বলেছেন তিনি।

‘শতাধিক সন্তানের’ মাঝে সম্পদ ভাগ করে দেবেন টেলিগ্রামপ্রধান দুরভ
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 12:19 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ বলেছেন, তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া শতাধিক সন্তানই তার আনুমানিক ১৩ হাজার ৯০০ কোটি ডলার সম্পদের ভাগ পাবে। 

“তারা সবাই আমার সন্তান, সবারই সমান অধিকার রয়েছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তাদের মধ্যে এ নিয়ে কাড়াকাড়ি লাগুক,” ফরাসী রাজনৈতিক ম্যাগাজিন লো পঁ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

দুরভ জানান, আলাদা তিন সঙ্গীর সঙ্গে সম্পর্কে তিনি ছয় সন্তানের ‘আনুষ্ঠানিক পিতা’ হলেও একটি ক্লিনিকে তার দান করা শুক্রাণু থেকে শতাধিক সন্তানের জন্ম হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। 

“এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে সেখানে ১৫ বছর আগে শুক্রাণু দান শুরু করেছিলাম আমি। এই প্রক্রিয়ায় ১২ দেশে শতাধিক শিশুর জন্ম হয়েছে বলে তারা (ক্লিনিক) জানিয়েছে,” বলেছেন টেলিগ্রামের এ প্রধান নির্বাহী।

তার বিরুদ্ধে ফ্রান্স গুরুতর অপরাধে জড়িত থাকার যেসব অভিযোগ এনেছে, সাক্ষাৎকারে দুরভ সেসব অভিযোগ ফের প্রত্যাখ্যান করে বলেন, তিনি কোনো ধরনের অন্যায় করেননি। 

স্বেচ্ছা-নির্বাসিত এ রুশ প্রযুক্তি টাইকুন ফরাসী ম্যাগাজিনকে আরও বলেছেন, তিনি সম্পদ রেখে গেলেও তার সন্তানরা ৩০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তাতে হাত দিতে পারবে না। 

“আমি চাই তারা যেন সাধারণ মানুষের মতো বাঁচে, নিজেরা নিজেদের গড়ে তোলে, নিজের ওপর আস্থা রাখতে শেখে, কিছু সৃষ্টি করতে পারে, কেবল একটি ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল যেন না থাকে,” বলেছেন তিনি। 

এ প্রসঙ্গে মন্তব্য চেয়ে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করলে ৪০ বছর বয়সী এ ধনকুবের জানান, এরই মধ্যে তিনি তার উইল লিখে ফেলেছেন, কেননা তার কাজ বেশ ঝুঁকিপূর্ণ। 

“স্বাধীনতার পক্ষে লড়লে অনেক শত্রু তৈরি হয়, যাদের মধ্যে প্রভাবশালী অনেক দেশও আছে,” বলেছেন তিনি।

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপদ বার্তা বিনিময়ের জন্য সুখ্যাতি পাওয়া টেলিগ্রামে এখন মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি।