গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চলা সত্ত্বেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার ইসরায়েলি বাহিনী গাজার আয-যাওয়াইদা শহরের একটি গুদামে আঘাত হানে, পাশাপাশি গাজার কেন্দ্রস্থলের সালাহ আল-দিন সড়কের দুটি এলাকায় হামলা চালায়।
আয-যাওয়াইদায় ইসরায়েলি হামলায় চার বছর বয়সী এক শিশু নিহত ও আরও ছয়জন আহত হয়। আর সালাহ আল-দিন সড়কে পৃথক দুই হামলায় আরও দুইজন নিহত হয়।
আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি সূত্রগুলো নিহত ওই শিশুটিকে আবদেল সালাম তাহা বলে শনাক্ত করেছে।
ইসরায়েলি ড্রোনগুলো গাজা সিটির পূর্বদিকের আল-শুজাইয়্যা এলাকায়ও গুলিবর্ষণ করেছে, এতে একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় আরও ১০ জন আহত হয়েছে।
আয-যাওয়াইদা থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছে, এখানে ইসরায়েলি বাহিনী গুদামটিতে হামলা চালাতে দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, এতে সেখানে আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি।
