হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত ৭০
গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানীর প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালায়।
হাইতিতে একটি ছোট শহরে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ১৬ জন। জাতিসংঘ একথা জানিয়েছে।
গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল মানুষ মোটরসাইকেলে করে সহিংসতা থেকে পালাচ্ছে। এক সরকারি কৌসুলি এই হামলাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছেন।
হাইতির একটি বিশাল অংশ এই সশস্ত্র চক্র দখল করে নিয়েছে। এই অংশ পুনর্দখল করতে কেনিয়ার কর্মকর্তাদের নেতৃত্বাধীন জাতিসংঘ-সমর্থিত একটি টহল মিশন জুনে শুরু হয়েছে।
জাতিসংঘ বলেছে, গ্যাংয়ের সদস্যরা অন্তত ৪৫ টি বাড়িঘর এবং ৩৪ টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
গ্র্যান গ্রিফকে হাইতির গ্যাংগুলোর মধ্যে সবচেয়ে সহিংস বলে মনে করা হয়।২০২৩ সালের জানুয়ারিতে এ চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ স্টেশনে হামলা এবং ছয়জন কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তাছাড়া ৭ লাখের বেশি মানুষকে পরিষেবা দেওয়া একটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করার জন্যও তাদেরকে দায়ী করা হয়।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এই চক্রটির প্রায় ১০০ সদস্য রয়েছে।তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং অপহরণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
এ চক্রের প্রতিষ্ঠাতা এবং বর্তমান নেতা উভযয়ের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। হাইতি কর্তৃপক্ষ দেশে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এক মাস পর বৃহস্পতিবার চক্রটি এই তাণ্ডব চালায়। প্রধানমন্ত্রী গ্যারি কনিল এই গ্যাং দমনের অঙ্গীকার করেছেন।
