১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু গ্রেপ্তার হবেন না: ট্রাম্প

নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা এখনও বিবেচনা করছেন, এমনটি জানানোর পর ট্রাম্প এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু গ্রেপ্তার হবেন না: ট্রাম্প
হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 01:41 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেপ্তার হবেন না। 

নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা এখনও বিবেচনা করছেন, নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি এমনটি জানানোর পর সোমবার ট্রাম্প এ মন্তব্য করেছেন।   

মামদানির কথা উল্লেখ না করে সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, “বেনিয়ামিন নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে থাকবেন তখন তিনি যে কোনো উপায়ে, আকারে বা প্রকারে গ্রেপ্তার হবেন না।” 

হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে তারা কোনো যুদ্ধাপরাধ করেনি বলে দাবি করেছে।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে তার পোস্টে মামদানির নাম উল্লেখ না করলেও ইরান যুদ্ধে সাহায্য করার জন্য ইসরায়েলকে কৃতিত্ব দিয়েছেন। 

শনিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মামদানি জানিয়েছেন, আইন কতোটুকু অনুমোদন দেবে নগরীর আইনি বিভাগ কার্যকরভাবে খতিয়ে দেখছে।  

নিউ ইয়র্ক টাইমসের এক ভিডিও পডকাস্টে মামদানি বলেন, “আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর থাকা উচিত হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে অভিযুক্ত করেছে।”   

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষ্যে বিশ্ব নেতারা নিউ ইয়র্কে জড়ো হন। ওই অধিবেশনে সাধারণত নেতানিয়াহুও যোগ দিয়ে থাকেন। 

রোববার ইসরায়েল মামদানির মন্তব্যের প্রতিক্রিয়া জানায়। এক এক্স পোস্টে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘ক্যাঙ্গারু কোর্ট’ অভিহিত করে উপহাস করে। এই আদালতের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ‘ভুয়া’ বলে দাবি করে তারা। 

জানুয়ারিতে নিউ ইয়র্ক নগরীর মেয়রের দায়িত্ব নেওয়া মামদানি তার নির্বাচনী প্রচারণাকালে জানিয়েছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে পা দিলে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবেন তিনি।