Published : 18 Aug 2026, 11:59 PM
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এর মধ্য দিয়ে জলপথটির সার্বভৌমত্ব দাবির হুমকিকে ট্রাম্প আরও জোরালো করারই চেষ্টা নিলেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালির ওপর বৃত্ত আঁকা। তার ওপরে লেখা হয়েছে ‘নতুন মার্কিন অঞ্চল’।
ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন হয়।
ট্রাম্প প্রথম গত শুক্রবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ করার ধারণাটি সামনে আনেন, যেখানে তিনি উপস্থিত শ্রোতাদের বলেন যে, তিনি 'খুব শিগগিরই' এই জলপথকে মার্কিন অঞ্চল হিসেবে ঘোষণা করবেন।
সোমবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, তার এটি করাই পছন্দ এবং দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই জলপথ নিয়ন্ত্রণ করছে।
সাংবাদিকদের ট্রাম্প জানান, “আমরা হরমুজ প্রণালি অবরোধ দিয়ে নিয়ন্ত্রণ করছি, এবং একে একটি অঞ্চল হিসেবে ঘোষণা করাটা আমার পছন্দ।”
ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন, “তারা একটি উপদ্রব হয়ে দাঁড়াতে পারে। তারা পানিতে মাইন পেতে রাখতে পারে, আর মানুষ তাদের শত শত কোটি ডলারের জাহাজে মাইনের আঘাত লাগা পছন্দ করে না।
“আমরা হরমুজ প্রণালি থেকে সপ্তাহে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করে নিয়ে যাচ্ছি। তেলের দাম কমছে। এটি কমতেই থাকবে যতক্ষণ না আমরা এখন যা করছি তার চেয়ে অনেক বেশি জোরালো এবং নাটকীয় কিছু করার সিদ্ধান্ত নিই।”
ইরান ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে এবং জলপথটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করা নিয়ে তার হাঁকডাককে 'ভ্রমাত্মক' বলে অভিহিত করেছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাবাদি সোশাল মিডিয়া এক্সে এক পোস্টে বলেছেন, “হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই বন্ধ এবং খোলা হবে।”
“যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার করবে না এবং অমূলক ভাবনায় ডুবে থাকবে, ততদিন ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর অবরোধ বজায় রাখবে,” বলেন তিনি।
সূত্র: দ্য হিল