২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে আফিম চাষ এক দশকের সর্বোচ্চ পর্যায়ে: জাতিসংঘ

আফগানিস্তানে উৎপাদন কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বে অবৈধ আফিমের জানা প্রধান উৎস হিসেবে মিয়ানমারের অবস্থান আরও পোক্ত হয়েছে।

মিয়ানমারে আফিম চাষ এক দশকের সর্বোচ্চ পর্যায়ে: জাতিসংঘ
চলতি বছর মিয়ানমারের ৫৩ হাজার ১০০ হেক্টর জমিতে আফিম চাষ হয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আফিম চাষ এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত এক বছরে চাষ বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত কৃষকদের অনেকেই আবারও অবৈধ এই ফসলের দিকে ঝুঁকছেন, বুধবার জাতিসংঘ এমনটাই জানিয়েছে । 

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে ৪৫ হাজার ২০০ হেক্টর জমিতে আফিম চাষ হলেও এ বছর তা বেড়ে ৫৩ হাজার ১০০ হেক্টরে দাঁড়িয়েছে। আফগানিস্তানে উৎপাদন কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বে অবৈধ আফিমের জানা প্রধান উৎস হিসেবে মিয়ানমারের অবস্থান আরও পোক্ত হয়েছে।

“মিয়ানমার এখন এক সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে,” এক বিবৃতিতে বলেছেন দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে ইউএনওডিসির প্রতিনিধি ডেলফিন শ্যান্টজ।

“চাষের ব্যাপক বিস্তৃতি দেখাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আফিম অর্থনীতি কীভাবে আবার মাথা তুলেছে এবং ভবিষ্যতে এর আরও বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে,” বলেন তিনি।

২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত। অভ্যুত্থানের পর সারা দেশে গড়ে ওঠা সশস্ত্র প্রতিরোধ এখন পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ২৮ ডিসেম্বর থেকে ব্যাপক সমালোচিত সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার।

তবে, এ বিষয়ে ফোনে জানানো রয়টার্সের মন্তব্যর অনুরোধে মিয়ানমার সেনা সরকারের কোনো মুখপাত্র সাড়া দেননি।

ইউএনওডিসি বলছে, কয়েক বছর ধরে হ্রাস পাওয়ার পর ২০২০ সাল থেকে আফিম চাষ ফের ধারাবাহিকভাবে বাড়ছে। আফিমের দাম একই সময়ে দ্বিগুণ হওয়ায় কৃষকদের বড় অংশ আবার এই চাষে ফিরছে।

সর্বোচ্চ বৃদ্ধি দেখা গেছে মিয়ানমারের পূর্ব শান রাজ্যে, ৩২ শতাংশ। চিন রাজ্যে বৃদ্ধি ২৬ শতাংশ। দক্ষিণ শান রাজ্য এখনও চাষের মূল কেন্দ্র, যেখানে দেশের মোট উৎপাদনের ৪৪ শতাংশ উৎপাদিত হচ্ছে। তিনটিই রাজ্যই বর্তমানে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে জর্জরিত এলাকা।

জরিপে শনাক্ত হয়েছে, ভারত সীমান্তের কাছে সাগাইং অঞ্চলের উত্তর অংশে ৫৫২ হেক্টর জমিতে আফিম চাষ হয়েছে। এই অঞ্চলে আগে কখনও আফিম চাষের কথা শোনা যায়নি। ফলে এটি ভৌগোলিক বিস্তারের নতুন ইঙ্গিত।

ইউএনওডিসি বলেছে, চিন রাজ্যে সম্প্রসারণ এবং সাগাইংয়ের নতুন কেন্দ্র মিলিয়ে মিয়ানমারের পশ্চিম সীমান্ত এখন আফিম চাষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠছে, যা প্রতিবেশী দেশগুলোর জন্যও সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে।