২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া থেকে পরমাণু চুল্লির জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি ইউক্রেইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন রুখে দাঁড়ানোর সর্বসাম্প্রতিক প্রচেষ্টা।

রাশিয়া থেকে পরমাণু চুল্লির জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 14 May 2024, 08:37 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

রাশিয়া থেকে পরমাণু চুল্লির জ্বালানি ‘সমৃদ্ধ ইউরেনিয়াম’ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি ইউক্রেইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন রুখে দাঁড়ানোর সর্বসাম্প্রতিক প্রচেষ্টা।

নতুন আইন অনুযায়ী, আগামী প্রায় ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের এক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সরবরাহকারী দেশ। যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ২৪ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামই আসে রাশিয়া থেকে।

নতুন আইনে এই ইউরেনিয়াম আমদানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজস্ব ইউরেনিয়াম জ্বালানি শিল্প গড়ে তোলার জন্য প্রায় ২৭০ কোটি ডলারের তহবিল বরাদ্দও অনুমোদন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান সোমবার এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেন এক ঐতিহাসিক ধারাবাহিক পদক্ষেপ সই করে আইনে পরিণত করেছেন, যা আমাদের দেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করবে, বেসামরিক পারমাণবিক শক্তির জন্য রাশিয়ার ওপর আমাদের নির্ভরশীলতা কমাবে এবং শেষ পর্যন্ত তা শূন্যের কোঠায় নামিয়ে আনবে।”