Published : 28 Jan 2026, 03:02 PM
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা পেতে ইউক্রেইনকে অবশ্যই রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করতে হবে বলে কিইভকে বলেছে ওয়াশিংটন; এই বিষয়ে জ্ঞাত এক সূত্র মঙ্গলবার রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
ইউক্রেইন ও রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে কোনো মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাকে মূল ভিত্তি বলে বিবেচনা করে ইউক্রেইন। এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে শুক্র ও শনিবার, দুই দিনের এক আলোচনা অনুষ্ঠিত হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনায় চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।
ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেইনকে ইঙ্গিত দিয়েছে যে একটি শান্তি চুক্তির বিষয়ে কিইভের সম্মতির ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা, যেখানে রাশিয়াকে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া প্রয়োজন হতে পারে।
কিন্তু রয়টার্সের সঙ্গে কথা বলা ওই সূত্র জানিয়েছেন, শান্তি চুক্তিতে কী থাকা উচিত যুক্তরাষ্ট্র তা ইউক্রেইনকে বলছে না, তাই রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দিতে ওয়াশিংটন ইউক্রেইনকে চাপ দেওয়ার চেষ্টা করছে এমন ধারণা দেওয়া বিভ্রান্তিকর।
রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিরা আগামী রোববার আবার আবুধাবিতে শান্তি আলোচনায় বসবেন, সেখানে সম্ভবত মার্কিন কর্মকর্তারাও থাকবেন। গত শনিবার আলোচনা থেকে ফিরে এসে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।
গত রোববার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেইনের জন্য যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা নিশ্চয়তা ‘শতভাগ প্রস্তুত’ আছে আর কিইভ এটি স্বাক্ষর করার জন্য একটি সময় ও স্থানের জন্য অপেক্ষা করছে।
জেলেনস্কি ধারাবাহিকভাবে বলে আসছেন যে যুদ্ধ শেষ করতে যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই বজায় রাখতে হবে।
ইউক্রেইনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ওয়াশিংটন নিরাপত্তা নিশ্চয়তা দেবে কি না, ইউক্রেইন তা নিয়ে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে।
তিনি বলেছেন, “প্রতিবার নিরাপত্তা নিশ্চয়তা স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হলেই যুক্তরাষ্ট্র থেমে যায়।”
সোমবার ক্রেমলিন বলেছে, ইউক্রেইনে যুদ্ধ শেষ করতে যে কোনো চুক্তির ক্ষেত্রে ভূখণ্ডের প্রশ্নটি মূল দাবি হিসেবেই থাকবে।
আরও পড়ুন:
জট খোলেনি; রাশিয়া, ইউক্রেইন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি