১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান জানিয়েছে তারা এখন ‘ভেঙে পড়ার মুখে’: ট্রাম্প

ইরান যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ করেছে বলেও ট্রুথ সোশালে এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইরান জানিয়েছে তারা এখন ‘ভেঙে পড়ার মুখে’: ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 09:05 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাকে জানিয়েছে যে, তারা ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্বে সংকটময় পরিস্থিতির সমাধান খুঁজছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প একথা বলেন।

পোস্টটিতে তিনি লেখেন,  “ইরান আমাদের জানিয়েছে, তারা ভেঙে পড়ার অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেই। কারণ, তারা এখন তাদের নেতৃত্বের পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে (যা আমি মনে করি তারা করতে পারবে)।”

তবে ইরান কিভাবে, কার মাধ্যমে এই বার্তা জানাল সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

ইরান যুদ্ধ শেষ করার চেষ্টা থমকে থাকা এবং দেশটির সর্বশেষ প্রস্তাব নিয়ে ট্রাম্প তার অসন্তোষের মধ্যে তেহরানের কাছ থেকে এমন বার্তা পাওয়ার কথা জানালেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দুই মাস ধরে চলা যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছে তা নিয়ে  ট্রাম্প সন্তুষ্ট নন বলে এর আগে জানিয়েছিলেন এক মার্কিন কর্মকর্তা।

এতে বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানো, মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেওয়া ও কয়েক হাজার মানুষের মৃত্যু ডেকে আনা যুদ্ধ সমাধানের আশা মিইয়ে যায়।

ইরানের সর্বশেষ প্রস্তাবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা তুলে রেখে পারস্য উপসাগর থেকে জাহাজ চলাচলের অচলাবস্থা নিরসনের ওপর জোর দেওয়া হয়েছে।

এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সন্তুষ্ট নয়। কারণ যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিরর ওপরই মূল জোর দিচ্ছে ওয়াশিংটন।