২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের শুল্ক বাড়িয়ে ৫০%, বোলসোনারোর মামলার বিচারকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সঙ্গে সঙ্গতি রেখে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছে ব্রাজিল।

ব্রাজিলের শুল্ক বাড়িয়ে ৫০%, বোলসোনারোর মামলার বিচারকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রাজিলের পণ্যে শুল্ক চাপানোর পর এর প্রতিবাদে সাঁও জোসে দোস কামপোসে মার্কিন পতাকা পদদলিত করছেন এক বিক্ষোভকারী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

‘বিচার পূর্ববর্তী অন্যায় আটকাদেশ’ ও ‘মতপ্রকাশের স্বাধীনতায় বাধা’ দেওয়ার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েসের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। 

২০২২ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ডানপন্থি জাইর বোলসোনারো ও তার মিত্ররা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বলে যে অভিযোগ রয়েছে, তার বিচার প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে মোরায়েসই আছেন।

সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বিচারক মোরায়েসকে ‘একনায়ক’ বলেও অভিহিত করেছেন। 

বুধবার মোরায়েসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা আসার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন, জানিয়েছে বিবিসি। 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করতে আগ্রহী, কিন্তু মোরায়েসকে লক্ষ্য করে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা ‘অগ্রহণযোগ্য’, কেননা এটি সার্বভৌম দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ।

এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “পণ্য ও সেবা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত কয়েক দশকে ব্রাজিলের উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্য ঘাটতি হয়েছে এবং (যুক্তরাষ্ট্রের নেওয়া) ব্যবস্থাগুলো দেশের সার্বভৌমত্ব ও দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে ক্ষুণ্ণ করে।”

ট্রাম্প চলতি মাসের শুরুর দিকেই লুলাকে লেখা এক চিঠিতে ব্রাজিলের ওপর চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন। ওই চিঠিটি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেন।

চিঠিতে ট্রাম্প ব্রাজিলের বিরুদ্ধে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর হামলা এবং বোলসোনারোর বিরুদ্ধে ‘উইচ হান্টিং’ চালানোর অভিযোগ আনেন। 

লাতিনের দেশটির ওপর শুল্ক বাড়ানোর যে নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেছেন, তাতে কমলার রস, উড়োজাহাজের যন্ত্রাংশ ও জ্বালানি পণ্যের মতো গুরুত্বপূর্ণ কিছু খাতকে চড়া শুল্কের বাইরে রাখা হয়েছে।  

আদেশে বোলসোনারোর প্রতি ব্রাজিলের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, ভয়ভীতি, হয়রানি, সেন্সরশিপ ও বিচারিক কার্যক্রমকেও’ এই শুল্ক আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সঙ্গে সঙ্গতি রেখে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছে ব্রাজিল। 

চীনের পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। যে কারণে ট্রাম্পের এই শুল্ক দেশটিকে ভোগাবে বলেই মনে করা হচ্ছে। 

ব্রাজিল যুক্তরাষ্ট্রের পঞ্চদশ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল যেসব পণ্য নেয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খনিজ জ্বালানি, উড়োজাহাজ ও যন্ত্রাংশ। 

আর যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে গ্যাস, পেট্রলিয়াম, লোহা ও কফি আমদানি করে।