সিরিয়া নিয়ে রিয়াদে প্রথম আঞ্চলিক বৈঠকে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা কূটনীতিকরা
প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর সিরিয়াকে সহায়তার পথ খুঁজতেই রিয়াদে এ বৈঠক আয়োজন করা হয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম আঞ্চলিক বৈঠকে বসছেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিকরা।
সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন তারা। বৈঠকে যোগ দিতে রোববার সকালেই রিয়াদে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
এছাড়াও, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, লেবানন এবং তুরস্কর পররাষ্ট্রমন্ত্রীরাও সবাই রিয়াদে গেছেন শনিবারেই।
আরও গেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের দূতরাও। অন্য আরও কয়েকটি আরব ও পশ্চিমা দেশের শীর্ষ কর্মকর্তাদেরও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের ১২ দিনের ঝড়ো অভিযানের মুখে গতবছর ৮ ডিসেম্বরে পতন হয় সিরিয়ার বাশার আল আসাদ সরকারের। আসাদ পালিয়ে গিয়ে আশ্রয় নেন রাশিয়ায়।
এরপর সিরিয়ায় গঠন হয় নতুন অন্তর্বর্তী সরকার। এখন সিরিয়াকে সহায়তার পথ খুঁজতেই রিয়াদে আলোচনায় বসছেন আরব ও পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা।
ব্রিটিশ এক বিবৃতিতে বলা হয়েছে, “রিয়াদে আলোচনা হবে আরব-নেতৃত্বে এবং সিরিয়া সরকারকে সমর্থন ও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় কি করতে পারে সে সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ নেওয়ার দিকেই মনোনিবেশ করা হবে আলোচনায়।”
সৌদি আরবের সভাপতিত্বে সিরিয়ার নতুন নেতৃত্ব এবং শীর্ষ পশ্চিমা কর্মকর্তাদের নিয়ে এমন বৈঠক এটিই প্রথম। এর আগে বৃহস্পতিবার রোমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউ কূটনীতিকদের একটি বৈঠক হয়েছিল।
রোববার আরব ও পশ্চিমাদের এই আঞ্চলিক বৈঠক হচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া এবং দামেস্ককে সচল রাখতে আন্তর্জাতিক তহবিল সহায়তা চাওয়ার পর।
জার্মানি, ইতালি ও ফ্রান্স সম্প্রতি কয়েকদিনে সিরিয়ার ওপর থেকে ইইউ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিয়ে এসেছে। কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র গোটা ব্লকের সম্মতিতেই আসতে পারে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে সিরিয়ার সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের জন্য ৬ মাস মেয়াদে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে গত সোমবার।
