ভিয়েতনামে বাসে আগুন লেগে ৭ জনের মৃত্যু
আগুন লাগার পরপরই ২৪ আসনের বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে, এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
ভিয়েতমানের দক্ষিণাঞ্চলে একটি বাসে আগুন লেগে অন্তত সাত যাত্রীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উচ্চভূমির প্রদেশ ল্যাম ডং থেকে নিকটবর্তী বাণিজ্য কেন্দ্র হো চি মিন নগরীতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে, পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগুন লাগার পরপরই ২৪ আসনের বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে, এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
কী কারণে বাসটিতে আগুন লেগেছে তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।
তবে ২৪ আসনের বাসটি মোট কতোজন যাত্রী ছিল তা পরিষ্কার হয়নি। তারা পর্যটক না স্থানীয়, তাও জানা যায়নি।
