১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরেক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান

কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার কাবুল সফরে যাওয়ার পর আমির আমিরিকে মুক্তি দেওয়া হয়।

আরেক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান
মুক্তি পাওয়ার পর আমির আমিরি মার্কিন ও কাতারি কর্মকর্তাদের সঙ্গে উড়োজাহাজে করে দোহার উদ্দেশে কাবুল ছাড়েন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান আরেক মার্কিন নাগরিককে তাদের হেফাজত থেকে মুক্তি দিয়েছে বলে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে। 

তারা জানায় ওয়াশিংটনের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার কাবুল সফরে যাওয়ার পর আমির আমিরিকে মুক্তি দেওয়া হয়। 

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আমিরি ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে বন্দি ছিলেন। কাতারের মধ্যস্থতায় মুক্তি পাওয়ার পর রোববার সন্ধ্যায় তিনি মার্কিন ও কাতারি কর্মকর্তাদের সঙ্গে উড়োজাহাজে করে দোহার উদ্দেশে কাবুল ছাড়েন।  

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তালেবানকে বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানোর সপ্তাহখানেক পর বোহলার কাবুল সফর করলেন। বাগরাম ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ হবে বলে আফগানিস্তানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। 

আমিরি কাতারের মধ্যস্থতায় চলতি বছর তালেবানের হেফাজত থেকে মুক্তি পাওয়া পঞ্চম মার্কিন নাগরিক। তাদের পাশাপাশি কাতারের মধ্যস্থতায় এক ব্রিটিশ দম্পতিও আট মাস বন্দি থাকার পর মুক্তি পান। 

আমিরির মুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে বলেন, “তার মুক্তির বিষয়টি নিশ্চিত করতে সাহায়তা করার জন্য আমি কাতারকে ধন্যবাদ জানাতে চাই। পিওটিইউএস (প্রেসিডেন্ট) এটি পরিষ্কার করে দিয়েছেন, বিদেশে অন্যায্যভাবে আটক আমেরিকান প্রত্যেক বন্দিকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা থামবো না।”  

আফগানিস্তানে এখনও বন্দি থাকা আহমদ হাবিবির ভাই মাহমুদ হাবিবি এক বিবৃতিতে জানিয়েছেন, হাবিবিকেও ছাড়িয়ে আনা হবে বলে মার্কিন প্রশাসন তাকে আশ্বস্ত করেছে। 

মাহমুদ বলেন, “বাইডেন প্রশাসন আমাদের জন্য কিছুই করেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আমাদের বিশ্বাস আছে। 

আফগানিস্তানের তালেবান সরকার আহমদ হাবিবিকে আটকে রাখার কথা অস্বীকার করেছে। আহমদ আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল সংস্থার সাবেক প্রধান।