১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে তুষারধস: খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজাসহ নিখোঁজ ১০

৮ হাজার ৫১ মিটার উঁচু বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত ব্রড পিকে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের উদ্ধার কর্মীরা ৪ টি দেহও খুঁজে পেয়েছে।

পাকিস্তানে তুষারধস: খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজাসহ নিখোঁজ ১০
নির্মল পুর্জা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 04:47 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

পাকিস্তানের ব্রড পিক পর্বতে একটি পর্বতারোহী দল বরফধসের কবলে পড়ে নেপালের বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

৮ হাজার ৫১ মিটার (২৬,৪১৪ ফুট) উঁচু বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত ব্রড পিকে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের উদ্ধার কর্মীরা শুক্রবার ৪ টি দেহও খুঁজে পেয়েছে।

ব্রড পিককে পাকিস্তানের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ পর্বত হিসেবে বিবেচনা করা হয়। ট্রেকিং সংস্থা 'সেভেন সামিট ট্রেক্স' (এসএসটি)-এর বোর্ড পরিচালক ছাং দাওয়া শেরপা জানান, নিখোঁজ পর্বতারোহীদের মধ্যে তাদের ৩ জন শেরপা গাইডও রয়েছেন।

তাদের সর্বশেষ অবস্থান ছিল প্রায় ৬,৬০০ মিটার (২১,৬৫৩ ফুট) উচ্চতায়; ধারণা করা হচ্ছে, তুষারধসের পর তারা সেখান থেকে সোজা নিচে তলিয়ে গেছেন।

আল্পাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, নিখোঁজ দলে নির্মল পুরজা ছাড়াও নেপাল, পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের পর্বতারোহীরা রয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরের পর থেকে পুরো দলটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসিপি আরও জানায়, শুক্রবার সকালে নিখোঁজদের সন্ধানে পাকিস্তান সেনাবাহিনীর দুটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, খুঁজে পাওয়া চারটি দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। দেহগুলো কোথায় খুঁজে পাওয়া গেছে সে বিষয়েও বিস্তারিত কিছু তারা জানাননি।

আল্পাইন ক্লাব অব পাকিস্তান বলেছে, তারা নিখোঁজ পর্বতারোহীদেরকে নিরাপদে উদ্ধার করে আনার ব্যাপারে আশাবাদী।

রেকর্ডধারী পর্বতারোহী নির্মল পুরজা:

৪৩ বছর বয়সী নির্মল পুরজা আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত একজন পর্বতারোহী। বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উঁচু ১৪টি পর্বতের চূড়ায় সবচেয়ে কম সময়ে ওঠার বিশ্ব রেকর্ড রয়েছে তার দখলে।

২০১৯ সালের ২৩ এপ্রিল বিশ্বের ১০ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা জয়ের মাধ্যমে সবকটি '৮ হাজারি' পর্বত জয়ের অভিযান শুরু করেন তিনি। 

২০২১ সালে তার এই রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে ৮টি নেপালে, ৫টি পাকিস্তানে এবং ১টি তিব্বতে অবস্থিত। পর্বত বিশেষজ্ঞদের মতে, এ পর্যন্ত তিন ডজনের কিছু বেশি পর্বতারোহী এই সবকটি চূড়া জয় করতে পেরেছেন।