১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্ষমতা দখল করার কথা জানালেন বেনিনের সেনারা

এক ঘোষণায় সেনারা জানিয়েছেন, দেশের সংবিধান স্থগিত করা হয়েছে এবং সব স্থল সীমান্ত ও আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।

ক্ষমতা দখল করার কথা জানালেন বেনিনের সেনারা
বেনিনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছেন একদল সেনা। ছবি: বিটিভি/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের একদল সেনা দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ঘোষণায় জানিয়েছেন, তারা প্রেসিডেন্ট প্যাট্রিস টালোনকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছেন। 

বিবিসি জানিয়েছে, বেনিনের ফরাসি দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ঘোষণায় সেনারা জানিয়েছেন, দেশের সংবিধান স্থগিত করা হয়েছে এবং সব স্থল সীমান্ত ও আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।  

রয়টার্স জানিয়েছে, প্রায় ছয়-সাতজন সেনার পাহারার মধ্যে দাঁড়িয়ে এক সেনা একটি বিবৃতি পাঠ করেন। পাহারাদারদের কারও কারও মাথায় হেলমেট ছিল। 

বিবৃতিতে বলা হয়, “সেনাবাহিনী আন্তরিকভাবে বেনিনের জনতাকে সত্যিকারের নতুন যুগের আশা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও কর্ম পরিস্থিতি বিরাজ করবে।” 

এতে আরও বলা হয়, “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব প্রতিষ্ঠান বিলুপ্ত করা হচ্ছে এবং রাজনৈতিক দলের কাযক্রম স্থগিত করা হচ্ছে।”   

তাদের বিবৃতি অনুযায়ী, লেফটেন্যান্ট কর্নেল টাইগ্রি প্যাসকেল একটি সামরিক ট্রানজিশন কাউন্সিলের নেতৃত্ব দেবেন।  

আগামী বছর তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করার পর টালোনের (৬৭) ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা ছিল। ২০২৬ এর এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশটি প্রস্তুতি নিচ্ছিল। টালোন ২০১৬ সাল থেকে দেশটির ক্ষমতায় ছিলেন। 

রয়টার্স জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতি নিয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে তারা টালোন সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এর আগে গত মাসে পশ্চিম আফ্রিকার আরেক দেশ গিনি বিসাউতে আরেকটি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে। সেটি ছিল ২০২০ সালের পর থেকে অঞ্চলটিতে হওয়া নবম সামরিক অভ্যুত্থান।