লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু
ইসরায়েলি সেনারা তাদের আহত সঙ্গীদের সরিয়ে নেওয়ার সময় তাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধার সঙ্গে লড়াইয়ে তাদের চার সেনা নিহত ও আরও দুইজন আহত হয়েছে।
আইডিএফের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের পশ্চিম সেক্টরে হিজবুল্লাহর একদল সশস্ত্র যোদ্ধাকে চিহ্নিত করে ইসরায়েলি বাহিনীর অনুসন্ধান ইউনিটের সেনারা।
তারা খুব কাছে গিয়ে আক্রমণ শুরু করলে হিজবুল্লাহ যোদ্ধারা পাল্টা জবাব দিয়ে গুলিবষর্ণ শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এ সময় উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটে।
বন্দুক লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি সেনারা তাদের আহত সঙ্গীদের সরিয়ে নেওয়ার সময় তাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়। তবে এতে নতুন করে কেউ আহত হয়নি বলে দাবি করেছে আইডিএফ।
নিহত সেনাদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। আহত সেনাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। হতাহতরা সবাই ইসরায়েলি সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের অনুসন্ধান ইউনিটের সদস্য।
এই ঘটনার পর তারা ওই এলাকায় থাকা হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে ট্যাংক থেকে গোলাবর্ষণ ও আকাশ হামলা চালিয়েছে বলে আইডিএফ জানিয়েছে।
লেবাননের গণমাধ্যম নাহারনেট জানিয়েছে, এদিন দক্ষিণ লেবাননের আইনাতা, নাকুরা, তাইবেহ, ক্বানতারা ও বাইয়াদায় ইসরায়েলি সেনাদের ওপর তারা আক্রমণ চালিয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে।
ইসরায়েলি বাহিনী মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে এই নিয়ে তাদের মোট ১০ জন সেনা নিহত হল।
ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর এক সদস্যকে আটক করার দাবি করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মঙ্গলবার পশ্চিম বেকা এবং জাহরানি নদীর দক্ষিণের গ্রাম ও শহরগুলোর বাসিন্দাদের এলাকা ছেড়ে উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের দুয়াইর, এব্বা, জিবশিত ও দাইর আল-জাহরানি এলাকাগুলোতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলের গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর টানা হামলা ও এলাকা ছাড়ার নির্দেশের কারণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননের ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মধ্য দিয়ে তেহরানের পক্ষে যুদ্ধে যোগ দেয়।
