১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরব আমিরাতে প্রদর্শনীতে উঠল বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক

‘শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো ২০২৬’ শীর্ষক এই প্রদর্শনীতে যাওয়া মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পোশাক।

আরব আমিরাতে প্রদর্শনীতে উঠল বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 09:28 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রদর্শিত হচ্ছে ৫০ লাখ দিরহাম মূল্যের একটি সোনার পোশাক। বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক হিসাবে এটি ইতোমধ্যেই গিনেস ওয়াল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

‘শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো ২০২৬’ শীর্ষক এই প্রদর্শনীতে যাওয়া মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পোশাক।

‘গালফ নিউজ’ এর প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকটি তৈরি করেছে ‘আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি’। শারজাহ এক্সপো সেন্টারে প্রথমবারের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য এই পোশাক প্রদর্শণ করা হচ্ছে।

১০ কেজির বেশি ২১ ক্যারেট নিখাদ সোনা দিয়ে পোশাকটি তৈরি করা হয়েছে। বিলাসবহুল কারুশিল্পে তৈরি রেকর্ড মূল্যের এই পোশাক আরব আমিরাতের আঞ্চলিক অলংকার শিল্পের ব্যাপক প্রসার ও বড় অর্জনকেই সামনে এনেছে।

রোববার প্রদর্শনী শেষ হচ্ছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ড অংশ নিয়েছে। তারা সংগ্রাহক এবং শৌখিন ক্রেতাদের জন্য দুর্লভ গয়না ও নতুন নকশার পণ্য প্রদর্শন করছে।

সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ এবং ‘শিখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার ডিজাইন প্রদর্শন করেছে।

ওদিকে, আল-আরাবিয়া জুয়েলারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপন করছে। এর অন্যতম হচ্ছে ‘ইউনিয়ন ফ্রেম’। সংযুক্ত আরব আমিরাতের ৭ টি প্রতীক এক নকশায় ফুটিয়ে তোলা হয়েছে এতে।

এছাড়া, জাওহারা জুয়েলারি ১৮ ক্যারেট সোনা, হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণি সমৃদ্ধ ‘পাম’ কালেকশনসহ মুক্তা ও কাস্টম ব্রাইডাল সেটের বিভিন্ন জিনিস প্রদর্শন করেছে।