২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ৪১০০ গ্রামের ৪১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মহাপরিচালক জানিয়েছেন, বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ৪১০০ গ্রামের ৪১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
পাকিস্তানের বন্যাকবলিত পাঞ্জাব প্রদেশের মুজাফ্ফরগড়ের এক বাসিন্দা তলিয়ে যাওয়া রাস্তার তার গরুর বাছুরকে গোসল করাচ্ছেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ২৫টি জেলাজুড়ে চলমান বন্যায় মোট ৪১০০ গ্রামের ৪১ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মহাপরিচালক জানিয়েছেন, বন্যায় ২৬ অগাস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, লাহোরে এক সংবাদ সম্মেলনে পিডিএমএ –র মহাপরিচালক ইরফান আলি কাথিয়া জানান, ওই গ্রামগুলোর ৪১ লাখ ৫১ হাজার ১১৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তাদের জন্য ৪২৫টি ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। 

পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরের বন্যাকবলিত একটি এলাকা। ছবি: রয়টার্স 

পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরের বন্যাকবলিত একটি এলাকা

তিনি আরও জানান, বন্যার্তদের জন্য প্রায় ৫০০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেখানে এ পর্যন্ত প্রায় এক লাখ ৭৫ হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

কাথিয়া জানান, পাঞ্জাবের প্রধান তিনটি নদীর সবগুলোতেই পানির উচ্চতা ‘হ্রাস’ পাওয়ার ধারা শুরু হয়েছে। পানি দ্রুত হ্রাস না পেলেও বৃদ্ধির কোনো লক্ষণ নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী ভারত পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে যে শতদ্রু নদীর নিম্নপ্রবাহে হারিকে এবং ফিরোজপুর এলাকায় ‘উচ্চ মাত্রার’ বন্যা দেখা দিতে পারে।

এই খবর পাওয়ার পর পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে শতদ্রু নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে।