Published : 02 Dec 2025, 10:02 AM
ভেনেজুয়েলায় লক্ষ্য অর্জনের জন্য চাপ সৃষ্টির পরিকল্পিত মার্কিন প্রচেষ্টা নিয়ে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরের এই বৈঠকে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরিচয় না প্রকাশ করার শর্তে এই কর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের জ্যেষ্ঠ সদস্যরাও ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিস্তারিত জানা যায়নি।
ভেনেজুয়েলা থেকে কথিত মাদকের চালান আসা নিয়ে দেশটির ওপর চাপ বাড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তার মধ্যেই এ বৈঠকটি অনুষ্ঠিত হল।
শনিবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা ‘পুরোপুরি বন্ধ’ বলেই সবার ধরে নেওয়া উচিত। এ বিষয়ে তিনি আর বিস্তারিত না বললেও একে ভেনেজুয়েলার ওপর আসন্ন মার্কিন হামলার ইঙ্গিত বলে অনেকে মনে করছেন। ট্রাম্পের এ মন্তব্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র মাদুরোকে অবৈধ নেতা বলে বিবেচনা করলেও রোববার ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে তার বিস্তারিত জানাননি তিনি।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মাদুরো যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক সরবরাহ করে দেশটির নাগরিকদের হত্যা করছেন। ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট মাদুরো এসব অভিযোগ অস্বীকার করলেও ওয়াশিংটন কারাকাসের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিকল্পগুলো বিবেচনা করে দেখছে।
যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ভেনেজুয়েলার আশপাশে কথিত ‘মাদক পাচারকারী নৌযানে’ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে তাদের সৈন্য সমাবেশও দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট মাদুরোর ওপর চাপ সৃষ্টি করছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী এখন মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও ওই অঞ্চলে যে পরিমাণ সামরিক সমাবেশ গড়ে তুলেছে তা এ অভিযানের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
ভেনেজুয়েলার অভিযোগ, মাদক পাচারের বিরুদ্ধে অবস্থান যুক্তরাষ্ট্রের ভান, তাদের মূল লক্ষ্য ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। এ লক্ষ্যে ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকার বদলাতে চায়।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চায় ভেনেজুয়েলা
ভেনেজুয়েলায় 'মাদক যুদ্ধের' দামামা, এদিকে দণ্ডিত কোকেন পাচারকারীকে
নৌযানে মার্কিন হামলা তদন্ত করবে ভেনেজুয়েলার পার্লামেন্ট
ভেনেজুয়েলা ও আশপাশের আকাশসীমা বন্ধ বিবেচনা করা উচিত: ট্রাম্প