Published : 10 Aug 2026, 11:03 AM
ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা রোববার জানিয়েছে, তারা সৌদি আরবের আরামকো কোম্পানির জাজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করার দুই দিন পর এ হামলার ঘটনা ঘটল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়াজুড়ে বাড়তে থাকা অস্থিতিশীলতার প্রতিক্রিয়ায় ওই প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে এ তিন দেশ।
সুন্নি মুসলিম দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্র তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই জোটের লক্ষ্য হল যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা এবং এই তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা।
হুতিদের সর্বশেষ এই হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব যদি কোনো জবাব দেয়, তাতে পাকিস্তান ও তুরস্ক যোগ দেবে কি না, বা দিলে কীভাবে দেবে তা পরিষ্কার না বলে লিখেছে রয়টার্স।
হুতিরা গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ-অবরোধের ঘোষণা দেয়। এ প্রসঙ্গে তারা তাদের ওপর সৌদি আরব অবরোধ আরোপ করে রেখেছে বলে অভিযোগ করেছে। তবে রিয়াদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, জাজানের তেল শোধনাগারে আগুন ধরে গিয়েছিল, কিন্তু পরে তা নিভিয়ে ফেলা হয়।
কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে জানালেও তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স এ এক পোস্টে জানিয়েছেন, তেল শোধনাগারটিকে লক্ষ্যস্থল করতে তারা একটি ড্রোন ব্যবহার করেছে। সেটি আরামকোর জাজান স্থাপনায় আঘাত হেনেছে। তারা লোহিত সাগরে সৌদি আরবের ইয়ানবুতেও আঘাত হেনেছে।
সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাজান তেল শোধনাগরটি দৈনিক চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে।
পৃথক আরেক বিবৃতিতে সারি জানিয়েছেন, হুতিরা ইয়েমেনের লোহিত সাগরীয় বন্দর মোকাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যস্থল করেছে।
ইয়েমেনের সৌদি সমর্থিত এডেন ভিত্তিক সরকারের নিয়ন্ত্রণে আছে মোকা বন্দরটি। একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত। বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
হুতিরা যদি এই প্রণালিটি বন্ধ করে দিতে সক্ষম হয় তাহলে সৌদি আরব হরমুজ প্রণালির বিকল্প এ পথটি থেকেও বঞ্চিত হবে।
এডেন ভিত্তিক ইয়েমেন সরকারের তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হুতিরা মোকা বন্দরের বাণিজ্যিক ঘাট ও গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এয়ার ডিফেন্স ড্রোনগুলো প্রতিরোধ করার চেষ্টা করছিল।
সারি দাবি করেছেন, হুতিরা মোকা বন্দর এলাকায় সৌদি সেনা ও অস্ত্র গুদামকে লক্ষ্যস্থল করেছে। তবে সৌদি আরবের দিক থেকে ইয়েমেনে হওয়া এ হামলার বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
ইয়েমেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন, মোকা বন্দরে হুতিদের হামলায় সাতজন নিহত হয়েছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: