১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রযুক্তিগত ত্রুটি, দিল্লি বিমানবন্দরে ফ্লাইট ছাড়তে দেরি

সমস্যার সমাধান হতে কতক্ষণ লাগতে পারে এ বিষয়ে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে এখনও কিছু বলেনি।

প্রযুক্তিগত ত্রুটি, দিল্লি বিমানবন্দরে ফ্লাইট ছাড়তে দেরি
ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ছবি: হিন্দুস্তান টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 12:05 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) জানিয়েছে, বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

এ ঘটনায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটি শুক্রবার সকালে বিশৃঙ্খল অবস্থায় পড়েছে এবং শতাধিক ফ্লাইট দেরিতে ছেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।  

ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বিমানবন্দরের প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ফ্লাইটের সময়সূচি এলোমেলো হয়ে পড়েছে। ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

এএআই বলেছে, বিমান ট্রাফিক নিয়ন্ত্রণের তথ্য আদান-প্রদানে যে স্বয়ংক্রিয় বার্তা সুইচিং ব্যবস্থা (এএমএসএস) তাতে সমস্যা দেখা দেয়ায় এ বিঘ্ন সৃষ্টি হয়েছে।

“কন্ট্রোলাররা ম্যানুয়েল উপায়ে ফ্লাইট পরিকল্পনা সাজাচ্ছেন, যে কারণে খানিকটা দেরি হচ্ছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থাটি পুনরায় সচল করতে টেকনিকাল দলগুলো কাজ করে যাচ্ছে,” এক্সে দেওয়া পোস্টে এএআই।  

এ কারণে দিল্লি এবং উত্তরের বেশ কিছু অঞ্চলে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে, জানিয়েছে ইন্ডিগো। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

প্রযুক্তিগত এ সমস্যার কারণে শুক্রবার সকালে ৭০-৮০টি ফ্লাইট ছাড়তে আধাঘণ্টারও বেশি দেরি হয়েছে এবং বৃহস্পতিবারও ২৫টির মতো ফ্লাইটের ওঠানামা বিঘ্নিত হয়েছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

দিল্লি বিমানবন্দরে প্রতি ঘণ্টায় ৬০-৭০টি বিমান ওঠানামা করে। 

ফ্লাইট রাডারের তথ্যেও বিমানবন্দটিতে কয়েক ডজন ফ্লাইটের উড্ডয়নে দেরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। গড়ে ফ্লাইটগুলো ৫৫ মিনিট করে দেরিতে ছাড়ছে বলে জানিয়েছে তারা।

আইটিএ এয়ারওয়েজের রোম ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে, ভার্জিন আটলান্টিকের লন্ডন ফ্লাইট ছেড়েছে এক ঘণ্টারও বেশি সময় পর। স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টার মধ্যে থাকা ফ্লাইটগুলোই বেশি সমস্যায় পড়েছে।

বিমান অবতরণে খুব বেশি সমস্যা না হলেও উড্ডয়নের ক্ষেত্রে এখনও জটিলতা আছে, বলেছে একটি সূত্র। 

সমস্যার সমাধান হতে কতক্ষণ লাগতে পারে এ বিষয়ে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে এখনও কিছু বলেনি। 

২০২৪ সালে দিল্লি বিমানবন্দর ৭ কোটি ৮০ লাখ যাত্রীকে সেবা দিয়েছিল; যার মাধ্যমে এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় নবম স্থানে জায়গা করে নেয় বলে জানায় এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল।