Published : 11 Mar 2026, 04:24 PM
যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছে শ্রীলঙ্কার এক আদালত।
গত সপ্তাহে ভারতে নৌমহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে যাওয়ার সময় শ্রীলঙ্কার উপকূলের অদূরে ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলার শিকার হয় ইরানি ফ্রিগেট আইআরআইএস দেনা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধের মধ্যে এ ঘটনা ঘটে।
আইআরআইএস দেনার জীবিত ৩০ নাবিককে হাসপাতালে চিকিৎসার পর আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা।
বুধবার শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গালের বন্দর পুলিশের জানানো এক অনুরোধের জবাবে আদালত এ নির্দেশ দেয়।
বর্তমানে ইরানি নাবিকদের মরদেহগুলো গালের ন্যাশনাল হাসপাতালের মর্গে আছে।
শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়সেকেরা রয়টার্সকে জানিয়েছেন, দ্বিতীয় আরেকটি ইরানি জাহাজের ২০৮ জন ক্রু সদস্যকে ৩০ দিনের এন্ট্রি ভিসা দিয়েছে শ্রীলঙ্কা। যে এলাকায় মার্কিন হামলায় ইরানি ফ্রিগেটটি ডুবে গেছে সেই একই এলাকায় এই জাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। তখন খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে শ্রীলঙ্কার নৌবাহিনী।
জয়সেকেরা জানান, এই ক্রুদের বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোর ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছে আর ইরানি কূটনৈতিক মিশনটি তেহরানের সঙ্গে পরামর্শ করছে।
তিনি বলেন, “আমরা আগামী কয়েকদিনের মধ্যে তেহরানের কাছ থেকে একটি জবাব আশা করছি।”
মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার এক মুখপাত্র জানিয়েছিলেন, দ্বিতীয় ইরানি জাহাজ আইআরআইএস বুশেহর শ্রীলঙ্কার উপকূল থেকে নয় নটিক্যাল মাইল দূরে ছিল আর এটিকে অবশেষে সরিয়ে নেওয়া হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকে গত সপ্তাহে জানিয়েছিলেন, ওই জাহাজটিকে পূর্বাঞ্চলীয় উপকূলের ত্রিনকোমালি বন্দরে সরিয়ে নেওয়া হবে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, দুই ইরানি জাহাজের জীবিত নাবিকদের নিজ দেশে ফেরত না পাঠাতে কলম্বোকে চাপ দিচ্ছে ওয়াশিংটন।
ওয়াশিংটন ও তেহরান, উভয়ের শ্রীলঙ্কার প্রধান বাণিজ্য অংশীদার। শ্রীলঙ্কার পোশাক রপ্তানির ৪০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে আর ইরান এর চায়ের অন্যতম প্রধান ক্রেতা।
তৃতীয় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান ১৮৩ জন ক্রু সদস্যসহ ভারতের দক্ষিণাঞ্চলীয় বন্দর কোচিতে নোঙর করে আছে।
আরও পড়ুন:
ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে চাপ যুক্তরাষ্ট্রের
মার্কিন সাবমেরিনের হামলার দিনই ভারতে আশ্রয় পায় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ