Published : 28 May 2026, 01:07 PM
ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের একটি ‘বিমান ঘাঁটিতে’ পাল্টা হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ।
বৃহস্পতিবার আইআরজিসি বলেছে, তারা স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্যস্থল করেছে।
এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র ‘আগ্রাসনটি’ চালিয়েছে, এমনটি তারা শনাক্ত করেছে বলে দাবি আইআরজিসির। তারা বলেছে, “সব আগ্রাসনেরই জবাব দেওয়া হবে।” এরপর কোনো হামলা হলে ‘আরও কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে তারা।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এদিন ভোররাতে মার্কিন বাহিনী বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে।
রয়টার্স জানায়, তারা কোথায় হামলাটি চালিয়েছে আইআরজিসি তা না জানালেও বৃহস্পতিবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির মোকাবেলা করেছে।
এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কোথা থেকে এসেছে তা উল্লেখ না করে কুয়েত সতর্ক করে বলেছে, “এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে কঠোর জবাব দেওয়া হবে আর পরিণতির জন্য আগ্রাসীই দায়ী থাকবে।”
দেশটির সেনাবাহিনী বলেছে, দেশটিতে যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায় তাহলে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলা মোকাবেলার কারণে হতে পারে।
আরও পড়ুন: