১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের গুজরাটে সেতু ধসে নিহত ৯

সকালের ব্যস্ত সময়ে রাজ্যটির বাডোদরা জেলার পাদ্রা তালুকা এলাকায় মহিসাগর নদীর গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে।

ভারতের গুজরাটে সেতু ধসে নিহত ৯
সেতুটির মাঝের অংশ ধসে অন্তত আটটি গাড়ি নিচে পড়ে যায়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 03:28 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ভারতের গুজরাট রাজ্যের মহিসাগর নদীর একটি সেতু ধসে বেশ কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়, এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। 

বুধবার সকালের ব্যস্ত সময়ে রাজ্যটির বাডোদরা জেলার পাদ্রা তালুকা এলাকায় মহিসাগর নদীর গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে চারটি গাড়ি, দুটি ট্রাক, একটি এসইউভি ও একটি পিকআপ ভ্যান নিচে নদীতে পড়ে যায়। 

এতে নয়জন নিহত ও আরও তিনজন আহত হন বলে প্রাথমিক প্রতিবেদনের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।   

নদীটির এই অংশে সেতুটি আনন্দ ও বাডোদরা জেলাকে যুক্ত করেছে। এটি মধ্য গুজরাটের সঙ্গে সৌরাষ্ট্রকে সংযোগকারী প্রধান সড়কের অংশ।   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িগুলো নদীতে পড়ে যাওয়ার আগে ভেঙে পড়ার একটি বিকট শব্দ শোনা গেছে। বাডোদরা জেলা প্রশাসনের সদস্যরা, দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে অবিলম্বে উদ্ধারকাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। 

ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থেকে আহতদের উদ্ধার করা শুরু হয়। এ পর্যন্ত অন্তত তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

আবার যেন কোনো দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এলাকাটি ঘেরাও করে সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেতু ধসে পড়ার কারণ বের করতে তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সেতুটি গুরুত্বপূর্ণ হলেও প্রশাসন দীর্ঘ দিন ধরে এটির রক্ষণাবেক্ষণে গুরুত্ব না দিয়ে অবহেলা করার এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, “গম্ভীরা সেতু শুধু যানজটের কারণেই কুখ্যাত হয় নাই, এটি আত্মহত্যারও একটি পয়েন্ট। সেতুটির অবস্থা নিয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও কেউ আমলে নেয় নাই।” 

নদীতে পড়ে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে ক্রেন নিয়ে আসা হয়েছে। নদীতে পড়ে কেউ নিখোঁজ হয়েছেন কি না, তা পরিষ্কার হয়নি। তবে ঘটনাস্থলে ডুবুরি নিয়োগ করা হয়েছে।