Published : 27 Jul 2025, 05:56 PM
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি গির্জায় বিদ্রোহী এক গোষ্ঠীর হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার নাগরিক সমাজের এক নেতা।
রোববার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা কঙ্গোর পূর্বাঞ্চলের কোমান্দায় ওই ক্যাথলিক গির্জা প্রাঙ্গনে হামলা চালায়। তারা বেশ কয়েকটি বাড়ি ও দোকানেও আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট এডিএফ উগান্ডার সীমান্ত অঞ্চল এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বেশ সক্রিয়। তারা এক দশকেরও বেশি সময় ধরে বেসামরিকদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে, লিখেছে টাইমস অব ইন্ডিয়া।
“(গির্জার) ভেতরে-বাইরে গুলিতে ২১ জনের বেশি মানুষ নিহত হয়েছে, আমরা তিনটি দগ্ধ লাশ ও একাধিক পোড়া বাড়ি নথিভুক্ত করেছি। অনুসন্ধান এখনও চলছে,” যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন কোমান্দার নাগরিক সমাজের এক সমন্বয়ক দিউদোনে দুরানথাবো।
তবে কঙ্গোর সেনাবাহিনী বলছে, গির্জায় হামলায় ১০ জনের মতো নিহত হয়েছে।
“আজ সকালে আমরা যা জানতে পেরেছি, তা হল- কোমান্দার কাছাকাছি একটি গির্জায় ছোরা নিয়ে সশস্ত্র লোকজন হামলা চালিয়েছিল, এতে জনাদশেক লোককে হত্যা ও নৃশংসভাবে খুন করা হয়েছে, কিছু দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে,” বলেছেন ইতুরি প্রদেশের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জুলস নগোনগো।