সন্তানের নাম নিয়ে বাবা-মা’র তিন বছরের বিরোধ, আদালতে সমাধান
সন্তানের নাম নিয়ে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদের পথে পা বাড়িয়েছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের এই দম্পতি।
সন্তানের নাম কী হবে- তা নিয়ে দম্পতিদের মধ্যে মতের মিল না হওয়া নতুন কিছু নয়। তবে সন্তানের নামকরণ নিয়ে বাবা-মায়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে এমন ঘটনা বিরল।
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের এক দম্পতির ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনাই। তিন বছর ধরে সন্তানের নাম নিয়ে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে চলছিল সেই দম্পতির। তবে শেষ পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়েছে আদালত।
ঘটনার শুরু ২০২১ সালে। যখন ২১ বছর বয়সী এক নারী একটি ছেলে সন্তান জন্ম দেন। এরপর সদ্যোজাত শিশুকে নিয়ে কিছুদিনের জন্য বাবা-মায়ের বাড়ি চলে যান।
সন্তান জন্মের পর বিশ্রাম এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য স্ত্রীরা সাধারণত তাদের বাবার বাড়িতে যায়- ভারতে এটা সাধারণ ঘটনা। এরপর নিয়মানুযায়ী, সন্তান ও স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফেরত আনতে যাওয়ার কথা স্বামীর।
কিন্তু স্বামী ওই সময় সন্তানের জন্য একটি নাম রেখেছিলেন। আর সেই নাম স্ত্রীর পছন্দ না হওয়ায় স্বামী বিরক্ত হয়ে তাকে আর ফিরিয়ে আনতে যাননি।
এরপর স্ত্রী নিজের এবং স্বামীর নামের অংশ মিলিয়ে সন্তানের জন্য ‘আদি’ নামটি ঠিক করেন। কিন্তু স্বামী বিষয়টি মেনে নেননি।
কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার হুনসুর শহরের সহকারী সরকারি কৌঁসুলি সৌম্যা এমএন জানান, ওই দম্পতির মধ্যে সন্তানের নাম নিয়ে এ ঝামেলা মাস থেকে বছরে গড়ায়। স্ত্রীকে ফিরিয়ে আনতে যাননি স্বামী।
একপর্যায়ে স্বামীর কাছে আর্থিক সহায়তা চেয়ে ওই নারী হুনসুরের স্থানীয় আদালতে মামলা করেন। তার আইনজীবী এম আর হরিশ বিবিসি হিন্দিকে বলেন, এই বিরোধ ক্রমশ এতটাই বেড়ে যায় যে, তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সন্তানের দেখাশোনা এবং নিজের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ চেয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন সেই নারী। মামলাটি প্রথমে স্থানীয় আদালতে দায়ের করা হলেও পরে ‘লোক আদালত’(পিপলস কোর্ট)-এ স্থানান্তর করা হয়। এই আদালত মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধান করে থাকে।
কিন্তু বিচারকদের বারবার মধ্যস্থতা এবং নিজেদের মধ্যে সমঝোতা করে নেওয়ার প্রস্তাবের পরও দম্পতি নিজ নিজ অবস্থানে অনড় ছিলেন। তবে শেষমেশ আদালতের নির্ধারণ করে দেওয়া একটি নাম রাখতে তারা রাজি হন।
সন্তানের নাম রাখা হয় ‘আর্যবর্ধন’, যার মানে ‘আভিজাত্য’। এরপর দম্পতি ভারতীয় ঐতিহ্য অনুযায়ী সমঝোতার প্রতীক হিসাবে মালাবদল করেন এবং আবার সুখে-শান্তিতে সংসার করতে রাজি হন।
তবে ভারতের কোনও আদালত সন্তানের নাম নিয়ে বিরোধ মিটিয়েছে, এমন ঘটনা এটিই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও কেরালায় এক মেয়ে শিশুর নাম নিয়ে বাবা-মায়ের তিন বছরের বিরোধ সমাধান করেছিল আদালত।
নামহীন শিশুকন্যাকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার পর অবশেষে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
