১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কেমন ছিল

ইরানে এর আগে ২০১৮ সালে ‘বেল ২১২ মডেলের’ একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে; সেসময় চারজনের মৃত্যু হয়।

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কেমন ছিল
ইরানের বেল-২১২ হেলিকপ্টার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:30 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীরা; দুর্গম পার্বত্যাঞ্চলে ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে সবার।

দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ অনুসন্ধান করছে উদ্ধারকারী ও অনুসন্ধান দল। তবে প্রাথমিকভাবে বিরূপ আবহাওয়াকেই কারণ বলে মনে করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি যে হেলিকপ্টারে ফিরছিলেন, সেটি ‘বেল ২১২’ মডেলের। ভিয়েতনাম যুদ্ধের সময়ে ব্যাপকভাবে ব্যবহার করা ‘ইউএইচ-১এন’ হেলিকপ্টারের বেসামরিক সংস্করণ এটি।

মূল মডেলের একটি ইঞ্জিনের বদলে দুটি ইঞ্জিনে যুক্ত করার পর একে ‘টুইন হিউই’ বলা হয়ে থাকে। বিশ্ববব্যাপী সরকারি ও বেসরকারি অপারেটররা ব্যাপকভাবে এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে।

অ্যারোস্পেস কোম্পানি বেল টেক্সট্রন বেল হেলিকপ্টার তৈরি করে ১৯৬০ এর দশকে। সেসময় ‘ইউএইচ-১ ইরোকোয়া’ মডেলের বদলে উন্নততর বাহন হিসেবে কানাডার সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয় বেল হেলিকপ্টার। একটি ইঞ্জিনের বদলে যুক্ত করা হয় দুটি ‘টার্বোশ্যাফট’ ইঞ্জিন। ফলে হেলিকপ্টারের শক্তি ও ভেতরের ধারণক্ষমতা বাড়ে।

যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণের নথিপত্র অনুসারে, ১৯৭১ সালে বেল হেলিকপ্টার বাজারে এলে দ্রুতই তা যুক্তরাষ্ট্র ও কানাডার বহরে যুক্ত হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

নানা কাজে ব্যবহৃত বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি সকল অবস্থায় চলতে পারে। যাত্রী ও পণ্য পরিবহন এবং যুদ্ধ সরঞ্জাম পরিবহনের কাজেও লাগানো হয়।

রোববার ইরানি প্রেসিডেন্টকে নিয়ে বেল ২১২ মডেলের যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি সরকারি কর্মকর্তাদের বহনের জন্যই তৈরি করা।

এখন বেলের সবশেষ ‘সুবারু বেল ৪১২’ মডেলের হেলিকপ্টার তৈরি হয়েছে। এটি মূলত পুলিশ, চিকিৎসা সংক্রান্ত কাজ, সৈন্য পরিবহন, জ্বালানি শিল্প ও অগ্নিনির্বাপণ কাজের জন্য ডিজাইন করা হয়েছে। এই মডেলটি ক্রুসহ ১৫ জন যাত্রী পরিবহন করতে পারে।

কারা চালায়

বেল ২১২ মডেলটি এখন বিভিন্ন বেসামিরক সংস্থা ব্যবহার করছে। জাপানের কোস্ট গার্ড, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলাবাহিনী, ফায়ার বিভাগ ও থাইল্যান্ড পুলিশসহ বিভিন্ন সংস্থা এটি ব্যবহার করে।

ইরান সরকারের কাছে এ ধরনের হেলিকপ্টার কতগুলো আছে, তা স্পষ্ট নয়। তবে ফ্লাইট গ্লোবালের ২০২৪ সালের হিসেবে, দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনীর কাছে এ মডেলের ১০টি হেলিকপ্টার রয়েছে।

অতীত অভিজ্ঞতা কেমন

ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের বরাতে রয়টার্স জানিয়েছে, এর আগে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে একটি বেল ২১২ সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুর্ঘটনায় পড়ে।

ইরানে এর আগে এ মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে ২০১৮ সালে। সেসময় চারজনের মৃত্যু হয়।