Published : 27 Apr 2026, 09:30 PM
হরমুজে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপেক্ষা করে ইরান জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে। অবরোধের মধ্যেই ইরান অন্তত ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তাদের রপ্তানি টার্মিনালগুলো থেকে জাহাজে বোঝাই করেছে।
‘ট্যাঙ্কার ট্র্যাকার্স ডটকম’ এর স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, আরও ৪০ লাখ ব্যারেল তেল মার্কিন নৌ-অবরোধের রেখা অতিক্রম করে চলে গেছে।
অনেক ক্ষেত্রে জাহাজগুলো তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে অবরোধ এড়িয়ে তেল সরবরাহ করছে। এভাবে অবরোধ ফাঁকি দিয়ে ইরান বিপুল অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠাচ্ছে।
এই বিপুল পরিমাণ তেল সরবরাহই বলে দিচ্ছে যে, সমুদ্রপথে চাপ প্রয়োগ করে ইরানের জ্বালানি রাজস্বের টুটি চেপে ধরার ওয়াশিংটনের চেষ্টার পরও তেহরানের তেল রপ্তানি অব্যাহত রাখার কিছু সক্ষমতা রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইরান তাদের তেল ভাসমান ট্যাঙ্কারে মজুত করছে। ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে চীন অন্যতম ভূমিকা রাখছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছিল ইরান।
পরবর্তীতে পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়া শেষ হওয়ার পর ট্রাম্প হরমুজে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করেন।