যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন ভারতীয়দের নিয়ে ৯ তথ্য
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়দের সংখ্যা, জনমিতি, প্রবেশ পদ্ধতি, অবস্থান ও প্রবণতার ওপর আলোকপাত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন।
এ নীতির আওতায় যুক্তরাষ্ট্র প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিককে চিহ্নিত করা হয়েছে, যারা দেশটিতে অবৈধভাবে প্রবেশ করেছে বলে ধারণা করা হয়।
গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত রয়েছে তার দেশ। মানব পাচারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
ওয়াশিংটন সফরকালে মোদী বলেন, "অবৈধ অভিবাসীরা খুবই সাধারণ পরিবারের সন্তান। তাদেরকে বড় স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলে এবং প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
বিবিসি জানায়, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাবি বুদিম্যান ও দেবেশ কাপুরের একটি নতুন গবেষণাপত্রে যুক্তরাষ্ট্রে সময়ে সময়ে ভারতীয় অবৈধ অভিবাসীদের সংখ্যা, জনমিতি, অবস্থান, প্রবেশ পদ্ধতি ও প্রবণতা নিয়ে বিশদ বিশ্লেষণ করা হয়েছে।
এ বিশ্লেষণেই বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন ভারতীয়দের নিয়ে ৯ টি চমকপ্রদ তথ্য:
কতজন ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে রয়েছেন?
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছে। অনথিভুক্ত অভিবাসীরা মার্কিন জনসংখ্যার ৩% এবং বিদেশে জন্মগ্রহণকারী জনসংখ্যার ২২%।
তবে এর মধ্যে অনথিভুক্ত ভারতীয়দের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। বিভিন্ন গণনা পদ্ধতির কারণে অনুমিত পরিসংখ্যানের হেরফের হয়:
পিউ রিসার্চ সেন্টার ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস) ২০২২ সালের আনুমানিক হিসাবে, যুক্তরাষ্ট্রে প্রায় ৭০০,০০০ ভারতীয় অবৈধ অভিবাসী আছে। মেক্সিকো ও এল সালভাদরের পর এই ভারতীয়রা যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম গোষ্ঠীতে পরিণত হয়েছে।
অন্যদিকে, মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট (এমপিআই) এর দাবি, এই সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার। এতে ভারতের অবস্থান পঞ্চম। আবার, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২২ সালের হিসাবে এ সংখ্যা ২ লাখ ২০ হাজার বলে জানিয়েছে।
গবেষণাপত্রে বলা হয়েছে, এই ভিন্ন ভিন্ন পরিসংখ্যান থেকে বোঝা যায়, অননুমোদিত ভারতীয় অভিবাসীদের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
তারপরও সর্বোচ্চ পর্যায় থেকে এ সংখ্যা কমে এসেছে:
যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে যত কাগজপত্রহীন অভিবাসী আছে, তার মধ্যে ভারতীয়দের সংখ্যা অনেক কম। পিউ রিসার্চ এবং সিএমএস এর আনুমানিক পরিসংখ্যান নির্ভুল হলে বলা যায়, যুক্তরাষ্ট্রে বাস করা প্রতি চারজনে প্রায় একজন ভারতীয় অভিবাসীর বৈধ কাগজপত্র নেই।
অথচ অভিবাসনের ধরণ অনুযায়ী এমনটি হওয়ার কথা নয়। (যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত বাড়ছে ভারতীয় অভিবাসীদের সংখ্যা। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীর সংখ্যা ছিল মাত্র ৬ লাখ, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে)।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)- এর আনুমানিক হিসাবে, যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন ভারতীয়দের সংখ্যা ২০১৬ সালের সর্বোচ্চ সংখ্যা থেকে ৬০% কমেছে। ৫ লাখ ৬০ হাজার থেকে কমে হয়েছে ২ লাখ ২০ হাজার।।
২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে নথিপত্রহীন ভারতীয়দের সংখ্যা একলাফে এতটা কমার কারণ সম্পর্কে গবেষক দেবেশ কাপুর বলেন, তথ্য-উপাত্ত থেকে এর স্পষ্ট কোনও জবাব পাওয়া যায় না। তবে বলা যায়, এর কারণ হতে পারে কিছু অভিবাসীর বৈধতা পাওয়া এবং অনেকের নিজ দেশে ফিরে যাওয়া। বিশেষ করে, কোভিড-১৯ মহামারীর সময় অনেক ভারতীয় যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন।
যদিও ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সীমান্তে ভারতীয় অভিবাসীদের সংখ্যা আবারও বাড়তে দেখা গেছে। তার মানে বর্তমানে এই ভারতীয়দের প্রকৃত সংখ্যা বেশি হতে পারে।
অন্যদিকে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে মেক্সিকো ও কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা ভারতীয়দের সংখ্যা বেড়েছে। তবে মার্কিন সরকারের হিসাবে, দেশটিতে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীর মোট সংখ্যায় স্পষ্ট কোনও বৃদ্ধি দৃষ্টিগোচর হয়নি।
তাছাড়া, ২০১৬ সাল থেকে ভারতীয় অভিবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার হার স্থিতিশীল রয়েছে, যা ১ দশমিক ৫ শতাংশের আশপাশেই থাকছে।
শিশু বয়সে যুক্তরাষ্ট্রে যওয়া অভিবাসীদের সুরক্ষার জন্য চালু হওয়া ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ কর্মসূচির আওতায় থাকা ভারতীয়দের সংখ্যাও গত কয়েক বছরে কমেছে।
২০১৭ সালে এই কর্মসূচির অধীনে ছিলেন ২,৬০০ ভারতীয়, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ১,৬০০-তে।
যদিও নথিপত্রহীন ভারতীয় জনগোষ্ঠী সংখ্যার দিক থেকে এবং সামগ্রিকভাবে নথিপত্রহীন অভিবাসীদের একটি ছোট্ট অংশ হিসাবে-উভয়দিক থেকেই বেড়েছে।
১৯৯০ সালে ০ দশমিক ৮ শতাংশ থেকে এ সংখ্যা বেড়ে ২০১৫ সালে হয়েছে ৩ দশমিক ৯ শতাংশ। তবে ২০২২ সালে তা আবার কমে ২ শতাংশে নেমে আসে।
প্রধান দুই প্রবেশপথ:
যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রধান দুই সীমান্ত পথ আছে। অবৈধ অভিবাসীরা প্রধানত মেক্সিকো ও কানাডা সীমান্ত ব্যবহার করে। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে—অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও টেক্সাস—সবচেয়ে বেশি অবৈধ পারাপার ঘটে। এর পরে রয়েছে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ১১টি সীমান্তবর্তী অঙ্গরাজ্য।
২০১০ সালের আগে এই দুই সীমান্ত দিয়ে ভারতীয়দের অনুপ্রবেশ খুবই কম ছিল। কোনও বছরই এক হাজারের বেশি ভারতীয় অননুমোদিতভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেনি। তবে ২০১০ সালের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তেই ভারতীয় অভিবাসীদের বেশিরভাগ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
২০২৪ অর্থবছরে কানাডা সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মোট ভারতীয় অনুপ্রবেশের ৩৬ শতাংশই যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। কানাডার তুলনামূলক সহজ ভিসা প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় কম জটিল কাগজপত্রের প্রয়োজনীয়তা ভারতীয়দের এই পথ বেছে নিতে উৎসাহিত করেছে।
২০২১ সাল থেকে সীমান্ত পারাপারের প্রবণতা বাড়তে থাকে এবং ২০২৩ সালে মেক্সিকো সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তবে দেবেশ কাপুর বিবিসি-কে বলেন, এটি শুধু ভারতীয়দের ক্ষেত্রে নয়। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের ঢল নেমেছে, এবং ভারতীয়রা সেই ঢলেরই অংশ।
কোথায় বাস করেন অবৈধ ভারতীয়রা?
গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু রাজ্যে ভারতীয় অবৈধ অভিবাসীর সংখ্যা বেশি। সবচেয়ে বেশি ভারতীয় অভিবাসী রয়েছে: ক্যালিফোর্নিয়া (১১২,০০০), টেক্সাস (৬১,০০০), নিউ জার্সি (৫৫,০০০), নিউ ইয়র্ক (৪৩,০০০), ইলিনযয়ে (৩১,০০০)।
ওদিকে কয়েকটি রাজ্যে মোট অবৈধ অভিবাসীর মধ্যে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্য। এই রাজ্যগুলো হচ্ছে: ওহাইও (১৬ শতাংশ), মিশিগান (১৪ শতাংশ), নিউ জার্সি (১২ শতাংশ), পেনসিলভানিয়া (১১ শতাংশ)।
আর যেসব রাজ্যে ২০ শতাংশের বেশি অবৈধ ভারতীয় অভিবাসী বাস করেন, সেগুলোর মধ্যে আছে টেনেসি, ইন্ডিয়ানা, জর্জিয়া, উইসকনসিন ও ক্যালিফোর্নিয়া।
এসব রাজ্যর বিশেষত্ব হল, সেখানে গুজরাটি-আমেরিকান, পাঞ্জাবি-শিখ সম্প্রদায়ের ব্যবসা ও সামাজিক নেটওয়ার্ক শক্তিশালী। ফলে নতুন অভিবাসীদের জন্য কাজ ও বসবাস সহজ করে তোলে।
আশ্রয়প্রার্থী ভারতীয়রা কারা?
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা আশ্রয়প্রার্থীদের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কোনও অভিবাসী যদি নিজ দেশে নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা করেন, তবে তিনি "ফিয়ার স্ক্রিনিং" (যাচাই-বাছাই) প্রক্রিয়ায় উতরে গেলে আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন।
যদিও প্রশাসনের প্রকাশিত তথ্য থেকে ভারতীয় আশ্রয়প্রার্থীদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় না, তবে আদালতের রেকর্ডে ব্যবহৃত ভাষার ভিত্তিতে কিছু ধারণা পাওয়া যায়। ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনে ভারতীয়দের মধ্যে পাঞ্জাবি ভাষাভাষীদের আধিপত্য দেখা গেছে।
আশ্রয়প্রার্থীদের মধ্যে ৬৬ শতাংশই ২০০১ থেকে ২০২২ সালের মধ্যে আদালতে আশ্রয়ের আবেদন করেছে, যার মধ্যে পাঞ্জাবিদের সংখ্যা সবচেয়ে বেশি।
পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী রাজ্য হরিয়ানাও অন্যতম প্রধান অভিবাসন উৎস হিসেবে চিহ্নিত হয়েছে। পাঞ্জাবিদের পর ভারতীয় আশ্রয়প্রার্থীদের মধ্যে হিন্দিভাষী ১৪ শতাংশ, ইংরেজিভাষী ৮ শতাংশ এবং গুজরাটিভাষী ৭ শতাংশ রয়েছে।
আশ্রয়ের অনুমোদনের হারও ভাষাভিত্তিকভাবে ভিন্ন। পাঞ্জাবি ভাষাভাষীদের আশ্রয় অনুমোদনের হার সবচেয়ে বেশি ৬৩ শতাংশ, এরপর রয়েছে হিন্দিভাষীদের ৫৮ শতাংশ। তবে গুজরাটিদের ক্ষেত্রে এই হার অনেক কম, মাত্র ২৫ শতাংশ।
ভারতীয় আশ্রয়প্রার্থীদের সংখ্যা কেন বাড়ছে?
‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি)-এর সংগৃহীত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের আশ্রয়ের আবেদন নাটকীয়ভাবে বেড়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এ সংখ্যা প্রায় দশগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে যেখানে আশ্রয়ের আবেদন ছিল প্রায় ৫ হাজার, ২০২৩ সালে তা ৫১,০০০ ছাড়িয়ে গেছে।
এই প্রবণতা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়; কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতেও ভারতীয়রা অন্যতম বৃহত্তম আশ্রয়প্রার্থী গোষ্ঠীতে পরিণত হয়েছে। গবেষক দেবেশ কাপুর মনে করেন, আশ্রয়ের আবেদন বাড়ার মূল কারণ নিপীড়নের আশঙ্কার মধ্যে থাকার চেয়ে আশ্রয়লাভের আবেদনের প্রক্রিয়ার মধ্যে থেকে যাওয়া। কারণ এ প্রক্রিয়ায় বছরের পর বছর সময় লেগে যায়।
আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণে এই দীর্ঘ সময় লাগার কারণেই অনেকে এটিকে অভিবাসনের বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছেন।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব থেকে আগত আশ্রয়প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে ২০১৭-২২ মেয়াদে কংগ্রেস এবং ২০২২ সাল থেকে আম আদমি পার্টির শাসনাধীন এই রাজ্যে হঠাৎ করে কেন আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে গেল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই।
তবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেয়ে অর্থনৈতিক ও অভিবাসন সুবিধার সুযোগ গ্রহণই এর প্রধান কারণ। তবে ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির আমলে আশ্রয়ের আবেদন হ্রাস পেতে চলেছে।
দায়িত্বপ্রাপ্তির প্রথম সপ্তাহেই ট্রাম্প আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ অ্যাপ বন্ধ করে দিয়েছেন। প্রায় ৩ লাখ মুলতুবি অ্যাপয়েন্টমেন্ট তিনি বাতিল করেন। যার মধ্যে প্রক্রিয়াধীন আশ্রয় আবেদনও ছিল।
ভারতীয় আশ্রয়প্রার্থীদের ধরন:
যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত তথ্যানুযায়ী, বেশিরভাগ ভারতীয় আশ্রয়প্রার্থী পাঞ্জাব ও গুজরাট থেকে আসেন। এই দুটি রাজ্য ভারতের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে পড়ে, যেখানে জমির মূল্য কৃষিজ আয়ের চেয়ে বহুগুণ বেশি। গবেষণায় দেখা গেছে, আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই ভারতের তুলনামূলকভাবে সচ্ছল শ্রেণির মানুষ, যারা উচ্চ অভিবাসন ব্যয় বহন করতে সক্ষম।
অন্যদিকে, ভারতের সংঘাতপূর্ণ অঞ্চল—যেমন কাশ্মীর বা মাওবাদী সহিংসতায় আক্রান্ত এলাকাগুলোর মানুষ তুলনামূলকভাবে কম আশ্রয়ের আবেদন করেন। সুতরাং দেখা যাচ্ছে, বেশির ভাগ ভারতীয় আশ্রয়প্রার্থী অর্থনৈতিক অভিবাসী। তারা গরিব বা সংঘাতকবলিত অঞ্চলের বাসিন্দা নয়।
গবেষণা বলছে,অভিবাসনের উদ্দেশ্যে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে যাওয়ার কঠিন যাত্রায় লাতিন আমেরিকা হয়ে হোক বা কানাডায় ‘ভুয়া’ শিক্ষার্থী হিসেবেই হোক- তাতে ভারতের মাথাপিছু আয়ের ৩০ থেকে ১০০ গুণ বেশি খরচ হয়। সম্পদ বিক্রি বা বন্ধক রেখে এ খরচ জোগাতে হয়। ফলে শুধুমাত্র যারা পর্যাপ্ত অর্থ খরচ করতে পারেন, তারাই এই সুযোগ নিতে পারেন।
কেন অবৈধ অভিবাসন বেছে নিচ্ছেন ভারতীয়রা?
ভারতীয়দের আশ্রয়ের আবেদন বেড়ে যাওয়ার পেছনে কারণ হিসাবে মনে হতে পারে ভারতের ‘গণতান্ত্রিক পশ্চাদপসরণ’কে। কিন্তু গবেষকরা বলছেন, এ দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক থাকলেও এটি কারণ নয়।
পাঞ্জাব ও গুজরাটের মানুষের দীর্ঘদিনের অভিবাসনের ইতিহাস রয়েছে। তারা শুধু যুক্তরাষ্ট্র নয়—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াতেও যাচ্ছে। ২০২৩ সালে ১২ হাজার কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে ভারত। গবেষণায় বলা হয়েছে, এই বিপুল পরিমাণ রেমিট্যান্স দেখে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে যেতে উদ্বুদ্ধ হয়।
তারা দারিদ্র্যের কারণে একাজ করে না, বরং বিদেশে আত্মীয়-স্বজন বা পরিচিতদের সাফল্য দেখে পরিবারের অন্য সদস্যরাও অভিবাসনের অনুপ্রেরণা পায়। ভারতীয় এজেন্ট ও দালালেরা মানুষের এই চাহিদারই সুযোগ নেয়।
ভারতজুড়ে দালাল ও এজেন্টদের একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছে। গবেষণায় বলা হয়েছে, ভারত সরকার এ সমস্যা দেখেও না দেখার ভান করে আছে, কারণ অবৈধ অভিবাসী অন্য দেশে পাঠানোর চাইতে তাদেরকে নিজ দেশে গ্রহণ করা ভারত সরকারের জন্য অনেক বেশি বোঝা বা চাপের বিষয়।
কতজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১৬ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার সময় প্রতি বছর গড়ে ৭৫০, ট্রাম্পের প্রথম মেয়াদে ১,৫৫০ এবং বাইডেনের সময় ৯০০ জন কে ফেরত পাঠানো হয়েছে।
২০২৩ থেকে ২০২৪ সালের অর্থবছরের মধ্যে ভারতীয় অভিবাসী বিতাড়ন বেড়েছে। তবে ২০২০ সালে সর্বোচ্চ প্রায় ২,৩০০ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল।
