সড়ক দুর্ঘটনায় নিহত কিংবদন্তী শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং
৮৯ বছর বয়সে দৗড়ানো শুরু করেছিলেন এই দৌড়বিদ। জীবনের শেষবয়সেও তিনি ছিলেন দুর্দান্ত সক্রিয়। পাঞ্জাবের জালন্ধরের কাছের গ্রামে দুর্ঘটনায় তিনি নিহত হন।
বয়স হয়েছিল ১১৪ বছর। তবুও দৌড়ে বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। অবশেষে সড়ক দুর্ঘটনা জীবনের দৌড় থামিয়ে দিল ভারতের পাঞ্জাবের কিংবদন্তী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের।
সোমবার পাঞ্জাবের জালন্ধরের কাছে বিয়াস পিন্ড গ্রামে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি ফৌজাকে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। গাড়িটিকে চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনা ঘটিয়ে গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক।
জালন্ধরের শীর্ষ পুলিশ অফিসার হরবিন্দর সিং বলেছেন, “চালকের খোঁজ চলছে। অভিযুক্তকে শিগগিরই ধরা হবে।” ওদিকে, ফৌজার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবে।
তাকে শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা দিচ্ছে পাঞ্জাবের রাজ্যপাল থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সবাই।
ভারতীয়-ব্রিটিশ নাগরিক ফৌজা সিং জীবনের শেষ কয়েকটি বছর কিছু সময় ভারত এবং কিছু সময় যুক্তরাজ্যে কাটাতেন। কম খাওয়া, বেশি দৌড়ানো এবং খুশি থাকাই তার দীর্ঘজীবনের রহস্য বলে গত জুনে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফৌজা সিং।
১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের জালন্ধরের বেয়াস গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ফৌজা সিং। জীবনের শেষবয়সে এসেও তিনি ছিলেন দুর্দান্ত সক্রিয়। বিশ্বজুড়ে তিনি ‘পাগড়িওয়ালা টর্নেডো’ নামেই পরিচিত ছিলেন।
ছোট থেকেই তাঁর পা ছিল সরু ও দুর্বল। ঠিক করে হাঁটতেও পারতেন না। তাই বন্ধুমহলে ব্যঙ্গ করে ‘ডান্ডা’ বলে ডাকা হত তাকে। ৮৯ বছর বয়সে তার জীবনের মোড় ঘুরে যায়। ওই বছরই দৌড়নো শুরু করেন ফৌজা।
দৌড়োন একের পর এক ম্যারাথন। ২০০০ সালে ফৌজা লন্ডনে প্রথম পূর্ণ ম্যারাথন শেষ করেন। এর পর একে একে নিউ ইয়র্ক, মুম্বাই, হংকং, গ্লাসগোর মতো বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে তিনি অংশ নেন।
২০১১ সালে ১০০ বছর বয়সে টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন শেষ করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়ান তিনি। অর্জন করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘ম্যারাথন ফিনিশার’-এর খেতাব। যদিও গিনেস বুকে সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসাবে তার নাম ওঠেনি জন্মসনদ না দেখাতে পারার কারণে।
তবে বিবিসি সেই সময় এক প্রতিবেদনে জানিয়েছিল, ফৌজ সিং এর ব্রিটিশ পাসপোর্টে তার জন্মতারিখ ১৯১১ সালের ১ এপ্রিল লেখা ছিল এবং রানি এলিজাবেথ ১০০ তম জন্মদিনে ফৌজাকে অভিনন্দন জানিয়েছিলেন।
এক দিনে আটটি বিশ্বরেকর্ড করার নজরিও গড়েছিলেন ফৌজা সিং। ১০১ বছর বয়স পর্যন্তও তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক দৌড়ে অংশ নিয়েছিলেন। তাই এমন এক কিংবদন্তি দৌড়বিদের মৃত্যুতে শোকাহত বিশ্বের ক্রীড়াঙ্গন।
