দক্ষিণ কোরিয়ায় গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় আগুন, আহত ৫৫
আগুনের তীব্রতায় কারখানার দুটি ভবনের একটি ধসে পড়েছে। ফলে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার দেজন শহরের গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে শুক্রবার জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।
বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, রাজধানী সিউল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করছে ন্যাশনাল ফায়ার এজেন্সি।
প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং আগুন নিয়ন্ত্রণে আনতে এবং মানুষের জীবন বাঁচাতে সব ধরনের সরকারি শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুনের তীব্রতায় কারখানার দুটি ভবনের একটি ধসে পড়েছে, যার ফলে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। দমকল কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কারখানাটি ‘আনজুন ইন্ডাস্ট্রিয়াল’ নামের একটি প্রতিষ্ঠানের। তারা মূলত হুন্দাই এবং কিয়া-র মতো বড় গাড়ি কোম্পানিগুলোর জন্য ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করে।
তবে, দুর্ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
