মার্কিন ক্রু উদ্ধারের প্রশংসায় ধর্মীয় ভাষা ব্যবহার করে সমালোচনার মুখে ট্রাম্প
ট্রাম্প তার বার্তা শেষ করেছেন এভাবে- “ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে—দেখে নিও! সকল প্রশংসা আল্লাহর।”
ইরান থেকে একজন মার্কিন বিমানসেনা উদ্ধারকে ‘ইস্টারের অলৌকিক ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের অন্য কর্মকর্তারা। এর মাধ্যমে অভিযানটিকে ধর্মীয় আঙ্গিকে উপস্থাপন করে ইরান যুদ্ধকে ন্যায়সঙ্গত ও ঐশ্বরিকভাবে আশীর্বাদপুষ্ট হিসেবে চিত্রিত করেছেন তারা।
রয়টার্স লিখেছে, আগে প্রশাসন সাধারণত পোস্টকার্ড স্টাইলে ইস্টারের শুভেচ্ছা জানাতো, কিন্তু সমালোচকরা বলছেন, এবার কর্মকর্তারা যে বার্তা দিয়েছেন তা যুদ্ধকে ন্যায়সঙ্গত দেখাতে ও সামরিক বাহিনীর আচরণ প্রভাবিত করতে ধর্মকে ব্যবহার করার মধ্য দিয়ে বিশ্বাস ও নীতির সীমারেখা অস্পষ্ট করে দিয়েছেন।
রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, “এই উদ্ধার ইস্টারের অলৌকিক ঘটনা।”
এরপর তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ইস্টার উপলক্ষ্যে দেওয়া বার্তায় একই ধরনের কথা বলেছেন।
এদিন পৃথক আরেক বার্তায়ও ট্রাম্প ধর্মীয় উপাদান ব্যবহার করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এই বার্তায় ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে এর অন্যথা হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি বার্তা শেষ করেছেন এভাবে- “ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে—দেখে নিও! সকল প্রশংসা আল্লাহর।”
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইস্টারের তাৎপর্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করার কথা বলেছেন। খ্রীস্টীয় মতে এই দিনে যিশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন।
এক্স এ দেওয়া পোস্টে বেসেন্ট লিখেছেন, “ইস্টারের অলৌকিক ঘটনাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জয় হিসেবে বিবেচনা করা হয়। আর তাই, খ্রীস্টানদের এই পবিত্রতম দিনটির সঙ্গে একজন সাহসী আমেরিকান যোদ্ধাকে শত্রুর লাইনের পেছন থেকে উদ্ধার করে আনার ঘটনাটি খাপ খায়, যা সামরিক ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ তল্লাশি ও উদ্ধার অভিযান।”
রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার ব্যক্তিগত এক্স একাউন্টে লিখেছেন, “ঈশ্বর ভালো।”
ইরান থেকে মার্কিন বিমানসেনাকে উদ্ধারের সফলতা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্পের একটি পোস্টকে শেয়ার করে সেখানে এই মন্তব্য করেন হেগসেথ।
রিপাবলিকান ট্রাম্প ও অনামা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এ-১৫ই এর উদ্ধার পাওয়া ওই ক্রু বিমান থেকে বের হয়ে যাওয়ার সময় রেডিওতে ওই কথাটি উচ্চারণ করেছিলেন।
বিশ্বাস ও নীতি গুলিয়ে ফেলায় সমালোচনা
২০২৫ এ তার অভিষেকের সময় ট্রাম্প বলেছিলেন, ২০২৪ সালে নির্বাচনী প্রচারণার সময় হত্যা প্রচেষ্টা থেকে ঈশ্বরই তাকে বাঁচিয়েছে।
তখন তিনি বলেছিলেন, “তখন আমি অনুভব করেছিলাম আর এখন বিশ্বাস করি একটা কারণে জন্য আমার জীবন রক্ষা করা হয়েছে। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রকে আবার মহান বানানোর জন্য।”
কিন্তু রোববার সামরিক পদক্ষেপের হুমকির সঙ্গে ধর্মীয় অনুসঙ্গ ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
সাবেক রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন এক্স এক এক পোস্টে ট্রাম্পকে খ্রীস্টান মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকার দায় দিয়ে অভিযুক্ত করেছেন। তিনি লিখেছেন, প্রশাসনে থাকা খ্রীস্টানদের ‘যুদ্ধের উত্তেজনা’ না বাড়িয়ে ‘শান্তি অনুসরণ’ করা উচিত, কারণ যিশুর শিক্ষায় শত্রুদেরসহ সবার প্রতি ভালোবাসা ও ক্ষমার প্রতি জোর দেওয়া হতো।
আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিল ট্রাম্পের ব্যবহৃত ভাষার নিন্দা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, তার ‘ইসলামকে ব্যঙ্গ করা ও বেসামরিক অবকাঠামোতে তার হামলার হুমকিগুলো’ বেপরোয়া ও বিপজ্জনক। কাউন্সিল ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, এই উক্তির এমন ব্যবহারেও আপত্তি জানিয়েছে। এতে হিংসাত্মক হুমকির ক্ষেত্রে ধর্মীয় ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা প্রতিফলিত হওয়ার পাশাপাশি মুসলিম ও তাদের বিশ্বাসের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছে তারা।
