২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ার স্কুলে হামলায় সন্দেহভাজন কিশোর আদালতে, বাবাও অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের একটি হাইস্কুলে হামলার ঘটনায় আটক কিশোর কোল্ট ও তার বাবা কোলিন কে একইদিনে আদালতে আলাদা আলাদা শুনানিতে হাজির করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের একটি হাইস্কুলে হামলায় হতাহতের ঘটনার সন্দেহভাজন হিসাবে আটক ১৪ বছরের কিশোর কোল্ট গ্রে কে শুক্রবার আদালতে হাজির করা হয়েছে। তার বাবা কোলিন গ্রে কেও গ্রেপ্তার করে অভিযুক্ত করা হয়েছে। কোলিনকেও একইদিনে আদালতের আলাদা শুনানিতে হাজির করা হয়।

বিবিসি জানায়, ৫৪ বছর বয়সী কোলিন গ্রের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডর চারটি অভিযোগ, সেকেন্ড-ডিগ্রি খুনের দুটি অভিযোগ এবং শিশুদের প্রতি নৃশংস আচরণের ৮ টি অভিযোগ আনা হয়েছে। 

বুধবার জর্জিয়া রাজ্যের আপালেচি হাইস্কুলে গোলাগুলিতে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন। আহত হন আরও অন্তত নয়জন। এ ঘটনায় সন্দেহভাজন কিশোর ওই স্কুলেরই শিক্ষার্থী কোল্ট গ্রেকে আটক করা হয়। আটকের পরপরই পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে।

কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। কিশোর কোল্টের বিচার হবে প্রাপ্তবয়স্কদের বিচারপ্রক্রিয়ার মতো করে।  

কারণ, জর্জিয়া রাজ্যের আইনে কৌসুলিরা কিছু কিছু অপরাধের ক্ষেত্রে ১৩ বছরের অপ্রাপ্তবয়স্কের বিরুদ্ধে প্রাপ্তবয়স্কর মতো অভিযোগ আনতে পারেন। ফলে সেক্ষেত্রে আদালতের রায়ে কিশোর দোষী সাব্যস্ত হলে তার প্রাপ্তবয়স্কদের মতো কঠোর সাজা হতে পারে।

বিবিসি-র মার্কিন অংশীদার সিবিএস নিউজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কোলিন গ্রে ২০২৩ সালের ডিসেম্বরে তার ছেলের জন্য উপহার হিসেবে এআর-স্টাইল অস্ত্রটি কিনেছিলেন কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

২০২৩ সালের মে তে গোয়েন্দা সংন্থা এফবিআই স্কুলে হামলা হওয়ার অনলাইন হুমকি পাওয়ার বিষয়ে পুলিশকে সতর্ক করেছিল। সেই অনলাইন হুমকির সঙ্গে জর্জিয়ার স্কুলে হামলার সন্দেহভাজন কিশোরের ইমেইল অ্যাড্রেসের যোগসূত্র ছিল।

বুধবার এফবিআই বলেছে, কোল্ট ও কোলিন—দুজনকেই অনলাইনে হুমকি দেওয়াকে কেন্দ্র করে অরে জ্যাকসন কাউন্টির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে তখন তাদের গ্রেপ্তার করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলছেন, ভিডিও গেমারদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ডিসকর্ডে এসব হুমকি দেওয়া হয় এবং এতে বন্দুকের ছবি রয়েছে। বিবিসি জানায়, ছেলেটি এবং তার বাবার সঙ্গে গত বছরের সাক্ষাত্কারের বর্ণনা দিয়ে একটি পুলিশ প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, অভিযুক্তের দাবি, তিনি তার ডিসকর্ড অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন, কারণ এটি হ্যাক করা হয়েছিল।

পুলিশের রেকর্ড থেকে জানা যায়, কোল্টের মা বাবা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াধীন ছিলেন এবং বিচ্ছেদের সময় তিনি তার বাবার সঙ্গেই ছিলেন। তখন ওই কিশোর প্রায়ই তার বাবার সঙ্গে শিকার করতে যেত।

তার নানা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কোল্টের বাবা মায়ের বিচ্ছেদ তার টালমাটাল জীবনের জন্য খানিকটা হলেও দায়ী। কোল্টের নানা চার্লি পোলহামাস আরও বলেন, 'আমি বুঝতে পারছি আমার নাতি ভয়ঙ্কর কাজ করেছে। এ নিয়ে কোনও প্রশ্ন নেই এবং তাকে এর মূল্য দিতে হবে।

ওদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ বলেন, আহতদের মধ্যে নয়জনই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে আহত বেশ কয়েকজন হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি।

হামলায় ১৪ বছর বয়সী শিক্ষার্থী ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো এবং শিক্ষক রিচার্ড আসপিনওয়াল (৩৯) ও ক্রিস্টিনা ইরিমি (৫৩) নিহত হন।

গত এপ্রিলে মিশিগানে এক কিশোরের জন্য কেনা বন্দুক দিয়ে চার শিক্ষার্থীকে হত্যার দায়ে তার বাবা-মাকে হামলায় জড়িত থাকার দায়ে সাজা দেওয়া হয়। জেমস এবং জেনিফার ক্রাম্বলি উভয়কেই হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং প্রত্যেককে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তখন এ মামলাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। কারণ, প্রথমবারের মতো গুলি করার জন্য একজন কিশোরের বাবা মা কে শাস্তি দেওয়া হয়েছিল।

আর এবার কিশোর কোল্ট এর বাবার বিরুদ্ধে আনা অভিযোগটাও এ ধরনের মামলায় কোনও বাবা-মার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর পর্যায়ের অভিযোগ বলে মনে করা হচ্ছে।