১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘ভুল মৃতদেহ’ পাওয়ার অভিযোগ দুই ব্রিটিশ পরিবারের

অহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবার এই অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘ভুল মৃতদেহ’ পাওয়ার অভিযোগ দুই ব্রিটিশ পরিবারের
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 23 Jul 2025, 06:29 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ভারতে এয়ার ইনডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত দুই ব্রিটিশ নাগরিকের মৃতদেহ নিয়ে  বিভ্রান্তি দেখা দিয়েছে। যুক্তরাজ্যে তাদের স্বজনেরা অভিযোগ তুলেছেন, তারা ‘ভুল মৃতদেহ’ পেয়েছেন।

ব্রিটিশ পরিবার দুটির আইনজীবী জেমস হিলি বলেন, ডিএনএ পরীক্ষায় দুই কফিনে থাকা মরদেহ তাদের আত্মীয়দের সঙ্গে মেলেনি।

গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইনডিয়ার এআই১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময় পরই মেঘানিনগরের বিজে মেডিকেল কলেজ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। 

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু’র মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে যান।

নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের আইনজীবী জেমস হিলি জানান, দুর্ঘটনার পর কফিনে করে অন্তত ১২ থেকে ১৩টি মৃতদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুটি মৃতদেহর ডিএনএ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে মেলেনি বলে তাকে জানানো হয়েছে। 

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইনডিয়া জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে তারা এখনও কিছু ঘোষণা করেনি।

এর আগে এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল একাধিক নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবার। তাদের দাবি ছিল, ফর্মে একাধিক জটিল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে।

জটিল আইনি ভাষায় লেখা প্রশ্নগুলোর কোনও ব্যাখ্যা ছিল না ফর্মে। এয়ার ইন্ডিয়া এও বলে রেখেছিল যে, ঠিকঠাক জবাব না পেলে তারা ক্ষতিপূরণ দেবে না।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্য অনুযায়ী, ফর্মে এমন সব আইনি শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলোর ভুল ব্যাখ্যা করে পরবর্তীতে পরিবারের বিরুদ্ধেই ব্যবহার করতে পারে এয়ার ইন্ডিয়া।

তবে এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে এয়ার ইনডিয়া বলেছে, “এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য। দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে অগ্রিম ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যার প্রথম কিস্তি কয়েক দিনের মধ্যেই পরিশোধ করা হয়েছে।”

টাটা গ্রুপ এর আগে নিহতদের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৮৫ হাজার পাউন্ড) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। এয়ার ইনডিয়া নিজে থেকেই তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ২৫ লাখ রুপি (প্রায় ২১,৫০০ পাউন্ড) দেওয়ার প্রতিশ্রুতি দেয়।