১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছাদে দৌড়, তারপর নিচে ঝাঁপ দিয়ে পালান কার্কের খুনি: ভিডিও

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্রর হত্যাকারীকে ধরতে এখনও তল্লাশি চলছে। বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তেমনই একটি ফুটেজ প্রকাশ করেছে এফবিআই।

ছাদে দৌড়, তারপর নিচে ঝাঁপ দিয়ে পালান কার্কের খুনি: ভিডিও
ভিডিও ফুটেজ। ছবি: এফবিআই/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

যুক্তরাষ্ট্রের ইউটায় গুলিতে নিহত চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাতে দেখা যায়, ওই ব্যক্তি ছাদের উপর দিয়ে দৌড়ে কিনারায় চলে যান।

কিনারা থেকে নেমে পড়েন দেয়ালের কার্নিসে। পরে সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে নেমে তিনি দৌড়ে পালিয়ে যান। কার্কের খুনি এখনও ধরা পড়েনি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। 

ঘটনাস্থল এবং এর আশপাশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তারা। তেমনই এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

নিরাপত্তা ক্যামেরার এই ভিডিও ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন  ব্যক্তির গায়ে ছিল কালো রঙের টি-শার্ট; তার ওপর মার্কিন পতাকার সামনে একটি ঈগলের ছবি আঁকা ছিল, চোখে ছিল কালো সানগ্লাস এবং মাথায় ছিল গাঢ় রঙের বেসবল ক্যাপ এবং পায়ে ছিল স্নিকার্স।

এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ সন্দেহভাজন ওই ব্যক্তি ছাদে ওঠেন। তারপর চার্লি কার্ককে গুলি করে হত্যার পর পালিয়ে যান। পালানোর সময় ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের কাছের জঙ্গলের মধ্যে ফেলে যান একটি বন্দুক এবং কার্তুজ।

এফবিআই আরও জানিয়েছে, ছাদ এবং সংগৃহীত প্রমাণের মধ্যে মিলেছে খুনির হাত এবং আঙুলের ছাপ। তার সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে তা তদন্তকারীদেরকে জানাতে বলেছে এফবিআই।

বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩১ বছরের চার্লি। সম্প্রতি আমেরিকার কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করার পরিকল্পনা করেছিলেন নিহত রক্ষণশীল এই নেতা। 

নাম দিয়েছিলেন, ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। ওই সফরসূচির অংশ ছিল ইউটার ওই বিশ্ববিদ্যালয়ের আলোচনাসভায় যোগদান। সেখানে সমবেত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি চলে।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কার্ক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ইউটার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একাধিক সংস্থা তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।

এফবিআই বৃহস্পতিবার এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। তার খোঁজ দিতে পারলে এক লাখ মার্কিন ডলার আর্থিক পুরস্কারের দেওয়া হবে বলেও ঘোষণা করেছে সংস্থাটি।