Published : 26 Jul 2025, 11:32 PM
ইরানের অস্থিরতা কবলিত দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানের এক আদালত ভবনে সুন্নি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন হামলাকারী।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ হামলার ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।
এ ঘটনায় তিন হামলাকারী নিহত হয়েছেন বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন প্রদেশটির রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে জায়েশ আল-আদল নিশ্চিত করেছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে; তাদের হামলায় নিহতদের মধ্যে এক মা ও তার শিশু সন্তানও আছেন। পাশাপাশি আদালতে নিযুক্ত তিন সেনা ও এক আইনপ্রয়োগকারীও নিহত হয়েছেন। তবে নিহত ষষ্ঠজনের পরিচয় জানাননি তিনি।
তিনি জানান, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরে ছিল ও গ্রেনেড বহন করছিল। হামলাকারীরা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছিল কি না তা পরিষ্কার হয়নি।
টেলিগ্রাম অ্যাকাউন্টে এ হামলার দায় স্বীকার করে জায়েশ আল-আদল বলেছে, তারা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্যকে হত্যা করেছে। তারা জানিয়েছে, তারা বিচারক ও আদালতের কর্মীদের লক্ষ্যস্থল করেছিল। এরা ইরানের বালুচ নাগরিকদের মৃত্যুদণ্ড ও তাদের ঘরবাড়ি ধ্বংস করার আদেশ দেয় বলে অভিযোগ করেছে তারা।
বালুচ মানবাধিকার গোষ্ঠী এইচএএএলভিএসএইচ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে বিচার বিভাগের একাধিক কর্মী ও নিরাপত্তারক্ষীকে হতাহত করেছে।
সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বাস। এ জনগোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে উপেক্ষিত এবং অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ জানিয়ে আসছে।
প্রদেশটিতে নিয়মিতই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব গোষ্ঠীর অনেকের সঙ্গে বিদেশি শক্তির যোগসাজশ আছে এবং এরা সীমান্তে চোরাচালান ও দেশবিরোধী চক্রান্তে জড়িত বলে অভিযোগ ইরান সরকারের।