১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে জড়িত থাকতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার উদাহরণ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে নিয়োগ প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে, যেমনটা ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেসের ক্ষেত্রে হয়েছিল।

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে জড়িত থাকতে চান ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 01:24 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানান।

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতাবা খামেনিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্রাম্প বলেন, “খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।”

ভেনেজুয়েলার উদাহরণ টেনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে, যেমনটা ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেসের ক্ষেত্রে হয়েছিল।”

ওদিকে, গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও তার ছেলে মোজতাবা খামেনি বেঁচে আছেন বলে বুধবার রয়টার্সকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো।

মোজতাবা খামেনি একজন মধ্যম সারির আলেম এবং ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 

কট্টরপন্থি হিসেবে পরিচিত মোজতাবাকে দেশটির ধর্মীয় শাসনব্যবস্থার অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

ইরান এখন পর্যন্ত তাদের নতুন সর্বোচ্চ নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।